আজ রাতে গান শোনাবেন মাহফুজুর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২২ | ০৪:১৬ | আপডেট: ১০ জুলাই ২০২২ | ০৪:১৬
প্রতি বছরের মতো এবারের ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান। এবারও শ্রোতাদের জন্য একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘রঙের দুনিয়া’।
আজ রোববার রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচার হবে। এটিএন বাংলা সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ৯টি গান।
গানগুলোর শিরোনাম- ‘তোমার ঐ চোখ’, ‘একটু চোখের আড়াল’, ‘স্বপ্নের মতো মনে হয়’, ‘চোখের ওপর’, ‘রঙের দুনিয়া’, ‘সেই মেয়েটি’, ‘তুমি আমার প্রিয়া’, ‘রিমিক্স দাইমা’ এবং ‘তোমার জন্য আমি’।
নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমানের কথায় গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। ইতোমধ্যেই গানগুলোর ভিডিওচিত্র ধারণ সম্পন্ন হয়েছে। এতে বেশ কিছু মডেলের সঙ্গে পারফর্ম করেছেন ড. মাহফুজুর রহমান।
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় মাহফুজুর রহমানের গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান প্রচারিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান প্রচারিত হবে।
