যুবাদের জয়ে উচ্ছ্বসিত দেশীয় শোবিজ তারকারা
ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৪৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০০:০৭
প্রথমবারের মতো বৈশ্বিক কোনো আসরের ফাইনালে উঠে শিরোপা জিতেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়েছে।
এই জয়ে যারপনাই উচ্ছ্বসিত দেশের শোবিজ অঙ্গনের তারকারা। তারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আকবর-রাকিবুলদের কৃতিত্ব প্রশংসায় ভাসিয়েছেন।
এ তালিকায় জয়া আহসান থেকে শুরু করে শাকিব খান, আবুল হায়াতসহ অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনেতা–নির্দেশক আবুল হায়াত তার ফেসবুকে লিখেছেন, ‘দয়া করে বাড়ি-গাড়ি নয়, ফ্ল্যাট-প্লট নয়, ক্যাশ নয়, নয় জাঁকজমক সংবর্ধনা। অভিনন্দন বাঘের বাচ্চাদের।’
অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘কী জয়! নতুন ইতিহাস লিখেছি আমরা। অভিনন্দন তরুণ বাঘেরা!’ এদিকে তিশা তার ফেসবুকে লেখেন, ‘অভিনন্দন টাইগার্স।’

ঢাকাই ছবির তারকা শাকিব খান লিখেছেন, 'বীর' এর মতো জিতেছে বাংলাদেশ। খুদে টাইগারেরা প্রথমবার বিশ্বকাপ অর্জন করেছে। এটা নিঃসন্দেহে চমৎকার অনুভূতি।’
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের বিশ্বকাপ জয়ে আরিফিন শুভ লেখেন, ‘সাব্বাশ জুনিয়র টাইগার্স।’ বিজয়ী দলের খেলোয়াড়দের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে তিশা লিখেছেন, ‘অভিনন্দন টাইগার্স।’
এছাড়া চিত্রনায়ক সাইমন, চিত্রনায়িকা বুবলি সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎসহ অনেকেই তাদের সফলতা কামনা করে নিজেদের জয়ের অনুভূতি প্রকাশ করেন।
