বেলাল খানের নতুন গান, নতুন গল্পের ভিডিও
বেলাল খান ও সৌমি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:০৫ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৫০
সঙ্গীতশিল্পী বেলার খানের কেঁদে দিন যাচ্ছে এখন। কারণ সহশিল্পীকে ভালোবেসেছিলেন তিনি। ভালোবাসার সেই মানুষটি এখন দেশজুড়ে জনপ্রিয়। গায়িকা হিসেবে পাচ্ছেন বড় বড় স্বীকৃতি। আর এসব দেখে-শুনে বেলাল খান নীরবে চোখের জল ফেলছেন ঘরের কোনে।
তবে বাস্তব ঘটনা নয় এটি। এমন গল্প নিয়ে আজ প্রকাশ পেয়েছে বেলাল খানের নতুন গান ‘কি ভালোবাসলে’।
যাতে কণ্ঠ ও সুর দেওয়ার পাশাপাশি ভিডিওতেও মডেল হয়েছেন সংগীতশিল্পী বেলাল খান। এতে তার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন শৌমি। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
আর কতো কাঁদাবে আমায়, এ কান্নার নেই কি শেষ? কি ভালোবাসলে, কি কাছে আসলে, একচুল কাটেনা তো রেশ...। এমন আবেগি কথায় সাজানো গানটি লিখেছেন মুসা কে মাহমুদ। আর গানটির সংগীতায়োজন করেছেন এম এ রহমান।
‘কি ভালোবাসলে’ প্রকাশ পেয়েছে বেলাল খানেরই ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে বেলাল বলেন, ‘আমি যে ধরনের গান গেয়ে থাকি এটি সেই ঘরানারই গান। স্যাড রোমান্টিক গান। অসাধারণ কথার এই গানটি লিখেছেন মুসা কে মাহমুদ ভাই। মূলত কথাগুলোর সাথে মিল রেখে ভিডিও তৈরি করা। আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা অডিও-ভিডিওতে নিজেদের ভালোবাসার গল্পটা খুঁজে পাবেন।’
