'শাকিব খান ও নিশোর মাঝেও আমি দাঁড়িয়ে আছি '
মাহফুজ আহমেদ
রাসেল আজাদ বিদ্যুৎ
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৫:৩৯
মাহফুজ আহমেদ। অভিনেতা, প্রযোজক ও পরিচালক। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘প্রহেলিকা’ ছবিটি দর্শকের মাঝে সাড়া ফেলেছে। সিনেমায় ফেরা, আগামীর ভাবনা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয তাঁর সঙ্গে
‘প্রহেলিকা’ ছবির মধ্য দিয়ে পর্দায় ফিরলেন। এই ফেরা হঠাৎ করেই, নাকি আগে থেকেই প্রস্তুতি ছিল?
নতুনভাবে পর্দায় ফিরতে চেয়েছি। কিন্তু চাইলেই তো খোলনলচে বদলে আনকোরাভাবে নিজেকে তুলে ধরা সম্ভব নয়। নতুন কিছু সৃষ্টির উপকরণও আলাদা হতে হয়। সিনেমার কথা যদি বলেন, সে ক্ষেত্রে গল্প, চরিত্র, নির্মাণ পরিকল্পনা সবকিছু নিয়েই ভাবতে হয়েছে; প্রস্তুতি নিতে হয়েছে। সেই পরিকল্পনা আর প্রস্তুতির পেছনে অনেকটা সময় ব্যয় হয়েছে। তাই আট বছর পর্দায় না থাকা বড় বিষয় নয়। কীভাবে ফিরব, সেটা ছিল ভাবার বিষয়।
‘প্রহেলিকা’র মনা কি সেই কাঙ্ক্ষিত চরিত্র, এত দিন আপনি যাকে খুঁজছিলেন?
‘মনা’ সেই চরিত্র, যাকে পর্দায় তুলে ধরার জন্য আমার এত দিনের অপেক্ষা। এক জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি। তার পরও নতুন ও ব্যতিক্রমী চরিত্রের তৃষ্ণা থেকেই গেছে। এখনও অনুসন্ধানী মন, তাদের গল্পই শুনতে ও শোনাতে চায়– যারা ছায়ার মতো পাশে থেকেই নিজেদের আড়াল করে রাখে। মনা তেমনই এক চরিত্র– মাঝে নিজেকে মিশিয়ে নতুন এক গল্প শোনাতে চেয়েছি।
যে গল্প সবাইকে শোনাতে চান, যে চরিত্র দর্শককে দেখাতে ব্যাকুল– তা নিয়ে প্রতিযোগিতার ময়দানে নামতে হচ্ছে। এ বিষয়টা কীভাবে দেখছেন?
এটাই স্বাভাবিক। নাটক, টেলিছবি বা ফ্রি মিডিয়ার ক্ষেত্রে শিল্পী, নির্মাতা– এভাবে তেমন কোনো প্রতিযোগিতার ভেতর যেতে হয় না। সিনেমার মতো যখন কোনো কিছুর সঙ্গে বাণিজ্যিক বিষয় জড়িয়ে যাবে, তখন প্রতিযোগিতার ভেতর থাকতেই হবে। দর্শক টাকা খরচ করে সিনেমা দেখেন। তাই এটা শিল্প হলেও বাণিজ্যিক বিষয়টি এর সঙ্গে জড়িয়ে আছে। যে কারণে একসঙ্গে যখন অনেক সিনেমা মুক্তি পাবে, তখন প্রতিযোগিতা আপনা আপনি চলে আসবে।
একদিনে শাকিব অন্যদিকে নিশো, এই সময়ের তুমুল জনপ্রিয় দুইজনের সঙ্গে প্রতিযোগিতায় কি পেরে উঠছেন?
আসলে শাকিব খান ও নিশো আমার প্রতিযোগি নয়, সহকর্মী ও ভাই। তবে সিনেমার সঙ্গে যেহেতু বাণিজ্যিক বিষয় জড়িত তাই সিনেমার আয়-ব্যয় নিয়ে হিসেব নিকেশ হতে পারে। ভালো লাগছে এই ভেবে যে শাকিব খান ও নিশোর মত দুই জনপ্রিয় তারকার মাঝেও আমি দাঁড়িয়ে আছি। গল্পের কারণে আমার ছবি দর্শক দেখছেন, শোগুলো হাউজফুল যাচ্ছে।
‘প্রহেলিকা’র সাফল্যের পরও বড় কোনো বিরতি নেবেন?
এটা আগেই বলা কঠিন। এখন পর্যন্ত তো অভিনয়ের সঙ্গে আছি। এটা বলতে পারি, সময় কম নেই বা বেশি, ভালো কিছু কাজ করে যেতে চাই।
- বিষয় :
- মাহফুজ আহমেদ
- প্রহেলিকা
