গানে গানে করোনাকাল: মুস্তাফিজ শফির কথায় ঘরে থাকার আহ্বান খায়রুল ওয়াসির
খায়রুল ওয়াসি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৮:৫৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ | ০৯:৫২
করোনাভাইরাসে পুরো বিশ্ব এখন স্থবির। বাংলাদেশেও এ ভাইরাস বিস্তার লাভ করেছে। করোনায় প্রতিদিন মৃত্যুর ঘটনা ঘটছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও।
এমন পরিস্থিতিতে গেল পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত করে সরকার। সবাইকে পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবে পহেলা বৈশাখ উদযাপনের আহ্বান জানানো হয়। সরকারের সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষ ঘরে ঘরে উদযাপন করে বাংলা নতুন বছর ১৪২৭ এর প্রথম দিন। শিল্পীরা গান গেয়ে ও ভিডিও বার্তা দিয়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।
সেই ধারাবাহিকতায় এবার করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা মানুষকে সচেতন করতে গাইলেন কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসি। করোনাকালে এলো বৈশাখ/ থাক সবে থাক ঘরে ঘরে থাক/ থাক সবে থাক নিরাপদে থাক- এমন কথার গানটি লিখেছেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।
