স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে গিয়েছিলাম কিন্তু মানিয়ে নিতে পারিনি: শাহেদ
শাহেদ শরীফ খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৪ | ১৪:২৭ | আপডেট: ০৩ জুন ২০২৪ | ১৫:০১
শাহেদ শরীফ খান। একটা সময় ছোটপর্দায় দাপিয়ে কাজ করে পেয়েছেন জনপ্রিয়তা। ২০০৪ সালে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। হাতে গোনা কয়েকটি চলচ্চিত্রের মধ্যে নায়িকা হিসেবেও পেয়েছিলেন শাবনূরকে। এরপর আর চলচ্চিত্রে নিয়মিত হননি। চলচ্চিত্রে অভিনয় করেও এই প্ল্যাটফর্ম ছেড়ে দেওয়া নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন তিনি।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একজন অভিনয়শিল্পীর চূড়ান্ত লক্ষ্য তো আসলে সিনেমা। অনেক স্বপ্ন নিয়ে আমিও সিনেমা করতে গিয়েছিলাম। এটা হয়তো আমার দুর্ভাগ্য, আমি তাদের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। বিভিন্ন সময়ে দেখলাম, তাদের কমিটমেন্টের ঠিক নেই। পেছনে পেছনে লেগে থাকা আমার দ্বারা সম্ভব নয়।’
‘জয়যাত্রা’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর একই বছর ‘হৃদয় শুধু তোমার জন্য’ ছবিতে অভিনয় করেন। এরপর ২০০৭ সালে ‘প্রিয় সাথী’ সিনেমা মুক্তি পায়। এর ১২ বছর পর ‘অজ্ঞাতনামা’ সিনেমায় অভিনয় করেন শাহেদ।

তার কথায়, ‘আমার লাইফ খুব সিম্পল। কাজ করব, পারিশ্রমিক দেবে অথবা একটা নির্দিষ্ট তারিখ দেবে, আমি বাসায় চলে আসব। কিন্তু এত পলিটিক্স, দুশ্চিন্তা—এসবে আমি আগ্রহী ছিলাম না। এ কারণে হয়তো সিনেমাটা সেভাবে করা হয়নি। এটা নিয়ে দুঃখ আছে, আক্ষেপও আছে।’
বর্তমান ব্যস্ততা নিয়ে তিনি জানালেন, ‘আমি তো আগের মতো অভিনয় করি না। মনের মতো হলে তবেই করি। বেশিরভাগ সময় দিচ্ছি ব্যবসায়। এছাড়া ব্যবসার বাইরে শোবিজে অল্পবিস্তর সময় দিচ্ছি। দীপ্ত টিভিতে ‘বকুলপুর-সিজন ২’ ধারাবাহিক নাটকে তো আছি। কিছুদিন আগে ‘মিলন হবে কত দিনে’ নামের নতুন ধারাবাহিকে যুক্ত হয়েছি। এছাড়া ঈদের একটি নাটকের ব্যাপারে কথা হয়েছে, দেখা যাক।
- বিষয় :
- শাহেদ শরীফ খান
- ঢালিউড
