সিনেমার ‘অশ্লীল সময়’ নিয়ে বাংলাদেশি পরিচালকের ছবিতে ঋতুপর্ণা
ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪ | ১৩:৫১ | আপডেট: ০৮ জুলাই ২০২৪ | ১৪:১৬
গত ঈদে মুক্তি পাওয়া ‘ময়ূরাক্ষী’ সিনেমা নিয়ে নায়িকা ইয়ামিন হক ববি ও নির্মাতা রাশিদ পলাশের বিবাদ এখনো মেটেনি। এ নিয়ে গণমাধ্যমে তেমন কথাও বলেননি তারা। এরই মধ্যে জানা গেলো, ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে নতুন সিনেমা করছেন রাশিদ পলাশ। ছবির নাম ‘তরী’। এরই মধ্যে এই ছবিতে যুক্ত হয়েছেন ঋতুপর্ণা।
জানা গেছে, ‘তরী’ ছবিটি প্রযোজনা করছে পুণ্য ফিল্মস। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ছবির একটি লটের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে ঢাকায় দ্বিতীয় লটের শুটিংয়ে যুক্ত হবেন ঋতুপর্ণা।
রাশিদ পলাশ সমকালকে জানান, ‘তরী’ ছবিতে ঋতুপর্ণা থাকছেন।সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেবেন। আমরা ছবিটির প্রথম লটের শুটিং শেষ করেছি। এখন শেষ লটের প্রস্তুতি নিচ্ছি। ঋতুদির বিষয়টি এখনই জানাতে চাইনি। এটা আর অস্বীকার করার কিছু নেই। তবে ছবির আরো কিছু চমক আছে। সেগুলো আপাতত গোপনই থাক।’
ঋতুপর্ণার চরিত্রের বিষয়ে রাশিদ পলাশ জানান, ‘২০০০ সালের পর বাংলা সিনেমায় ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। এটাকে অনেকে চলচ্চিত্রের ‘অন্ধকার যুগ’ বা ‘কাটপিস’র যুগও বলেন। এই কাটপিসের যুগের একজন শিল্পীর চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। আমরা প্রথমতে ঋতুপর্ণাকে গল্পটা শোনানোর পর তিনি সিনেমাটি করতে রাজি হয়েছেন।’
পশ্চিমবঙ্গ থেকে ঋতুও এক বার্তায় ছবিটিতে অভিনয়ের কথা জানিয়েছেন। ‘তরী’র গল্প লিখেছেন আহাদুর রহমান, চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। এ বছরই শুটিং-ডাবিং সম্পন্ন করে ছবিটি মুক্তি দেওয়ার কথা জানালেন পরিচালক।
- বিষয় :
- ঋতুপর্ণা সেনগুপ্ত
- রাশিদ পলাশ
