ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির ওপর নতুন চাপ: সিপিডি

জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির ওপর নতুন চাপ: সিপিডি
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৩:৩৭ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ১৩:৪৫

সাম্প্রতিক জ্বালানি সংকট ও জ্বালানির মূল্যবৃদ্ধি দেশে মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে দিয়েছে, ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে পারিবারিক অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বৃহস্পতিবার ঢাকায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিডি এ পর্যবেক্ষণ তুলে ধরে। ‘২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ অর্থনীতি: উত্তরণকালীন সময়ে বহুমাত্রিক চ্যালেঞ্জ’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। দেশীয় কাঠামোগত দুর্বলতা এবং বৈশ্বিক অস্থিরতার কারণে অর্থনীতি এখনও ঝুঁকির মধ্যে রয়েছে।’

সিপিডির মতে, এসব চ্যালেঞ্জের অন্যতম হলো উচ্চ মূল্যস্ফীতি। ২০২৬ সালের এপ্রিল মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ০৪ শতাংশে পৌঁছেছে, যা মূলত জ্বালানি, পরিবহন ও বিভিন্ন সেবার খরচ বৃদ্ধির কারণে হয়েছে।

সংস্থাটি জানায়, মজুরি বৃদ্ধির হার এখনও মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারেনি। ফলে বিশেষ করে নিম্ন আয়ের এবং নির্দিষ্ট আয়ের মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে।

সিপিডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে জ্বালানির দামে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। এ সময় ডিজেলের দাম ১৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব দ্রুত পরিবহন খাতে পড়েছে। বাসভাড়া বেড়েছে এবং পণ্য পরিবহনের খরচও বৃদ্ধি পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে গেছে।

রান্নার জ্বালানির ক্ষেত্রেও বড় ধরনের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করেছে সিপিডি। সংস্থাটির তথ্যমতে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মার্চ মাসে ১ হাজার ৩৪১ টাকা থেকে জুন মাসে বেড়ে ১ হাজার ৮৮৫ টাকায় পৌঁছেছে। মাত্র তিন মাসে এর দাম ৪০ শতাংশেরও বেশি বেড়েছে।

সিপিডি বলেছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকট বাংলাদেশের আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট করেছে এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটলে দেশের ঝুঁকি কতটা বাড়তে পারে, তা সামনে নিয়ে এসেছে।

জ্বালানি ব্যয়ের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থার দুর্বলতাকেও মূল্যস্ফীতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সিপিডি। সংস্থাটির মতে, সরবরাহ শৃঙ্খলে বহুস্তরীয় মধ্যস্বত্বভোগী এবং বাজারে অতিরিক্ত কেন্দ্রীভূত নিয়ন্ত্রণের কারণে খুচরা পর্যায়ে পণ্যের দাম বেড়ে যায়। ফলে অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে ভোক্তারা আরও বেশি ক্ষতির মুখে পড়ে।

আরও পড়ুন

×