তৌহিদ আফ্রিদি বললেন, বিয়ে করেছি তবে গোপনে নয়
তৌহিদ আফ্রিদি। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ১৮:২৬
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে সপ্তাহজুড়েই। বিভিন্ন সূত্রে তার বিয়ের খবর সামনে এলেও আফ্রিদি এ বিষয়ে কিছু বলছিলেন না। ফোনটাও বন্ধ রেখেছিলেন। অবশেষে একটি বেসরকারি টেলিভিশনে বিয়ে নিয়ে কথা বললেন এ তারকা।
তৌহিদ আফ্রিদি জানালেন, তার কাবিন হয়েছে। পারিবারিক আয়োজনে কাবিন হয়েছে। দুই পরিবারের সদস্যরাই তাদের কাবিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আফ্রিদি বলেন, ‘আমি গোপনে বিয়ে করিনি, আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে আপলোড হয়ে গেছে। ভেবেছিলাম বাসায় যাব, এরপর সবাইকে বিয়ের খবর জানাব। কিন্তু সে সময় আর কই পেলাম। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে-এটা সম্পূর্ণ মহান আল্লাহই লিখে রাখেন। কার, কখন, কোথায়, কীভাবে বিয়ে হবে, বলা মুশকিল। আমি আমার মাকে নিয়ে কনে দেখতে গিয়েছিলাম, পরিবারকে নিয়ে দেখতে গেছি, ওখানেই কাবিন হয়ে গেছে।

তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রামিসা আল রিসা, তার যমজ বোন রাইসা আল রোজা। শুরুতে খবর ছড়ায়, রাইসাকে বিয়ে করেছেন আফ্রিদি।
এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘সমস্যা হচ্ছে, মানুষ আসলে কনফিউজড হয়ে গেছে, তাঁরা তো যমজ বোন। যমজ বোন হওয়ার কারণে আমার শালিকে (শ্যালিকা) অনেকে আমার ওয়াইফ বলা শুরু করেছে। এসব এক দিক থেকে হাস্যকর লাগে।’
আফ্রিদির কথায়, ‘বিয়ে তো একটা দায়িত্ব। সবার কাছে দোয়া চাইব, আমার জীবনটাকে যেন গুছিয়ে রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন, যাতে সব সময় আপনাদের মাঝে এভাবে ভালোবাসা নিয়ে থাকতে পারি। আমি এখন আমাদের টেলিভিশন চ্যানেল মাই টিভি নিয়ে ব্যস্ত। উপস্থাপনা করছি। ইউটিউব কনটেন্ট বানানোর কাজ করব।’

- বিষয় :
- তৌহিদ আফ্রিদি
- বিয়ে