আজকের শিল্পী
‘শুনেছি আমার প্রশ্নে সমিতির নেতারা বিব্রত হয়েছেন’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ১২:০০ | আপডেট: ১৬ জুন ২০২০ | ০০:৫৪
শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি চ্যানেল আইয়ের ফেসবুক পেজে 'জীবনের গল্প' নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন তিনি। এরই মধ্যে আলোচনায় এসেছে এর কয়েকটি পর্ব। এ আয়োজন ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
কোন ভাবনা থেকে 'জীবনের গল্প' শুরু করলেন?
করোনার জন্য সাধারণ ছুটি পাওয়ায় সময় ঘরে বসেই সময় কাটছিল। কিন্তু কাজকর্ম ছাড়া হাত-পা গুটিয়ে বসে থাকার বিষয়টি মানতে পারছিলাম না। এভাবে বসে না থেকে কিছু একটা করতে হবে। কিন্তু কী করা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মাথায় আসে ঘরে থেকে অনুষ্ঠান করার। তখনই ঠিক করি, তারকাদের জীবনের গল্প তুলে ধরা যেতে পারে। কারণ ঘরে বসেই তারা জীবনের গল্প শেয়ার করতে পারবেন। ব্যস, এরপর ভাবনাকে বাস্তবে রূপ দিতে আর এক মুহূর্ত সময় নেইনি। এভাবেই ঘরে থেকে শুরু হয়েছে 'জীবনের গল্প' নির্মাণ।
কেমন সাড়া পাচ্ছেন 'জীবনের গল্প' নিয়ে?
দর্শকের কাছে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। চ্যানেল আইয়ের ফেসবুক পেজে এরই মধ্যে অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্ব প্রকাশ করা হয়েছে। অতিথিরা এতে স্বতঃস্ম্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তারকারা ঘরে বসেই শুনিয়েছেন জীবনের গল্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ রকম একটি অনুষ্ঠান করতে পেরে নিজেরও ভালো লাগছে।
অনুষ্ঠানে অতিথিদের 'আপত্তিকর' প্রশ্ন করায় চলচ্চিত্র শিল্পী সমিতি নোটিশ দিয়েছে আপনাকে। বিষয়টি নিয়ে কী বলবেন?
নোটিশের কপি হাতে পেয়েছি। এর মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দ আমার 'জীবনের গল্প' অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন। শুনেছি, আমার অনেক প্রশ্নে তারা বিব্রত হয়েছেন। অনেক শিল্পীও নাকি আমার প্রশ্নবানে জর্জরিত হয়েছেন। আমি যেহেতু শিল্পী সমিতির সদস্য তাই তারা আমাকে নোটিশ দিতেই পারেন। অনুষ্ঠান প্রযোজক ফরিদুর রেজা সাগরের সঙ্গে এ বিষয়ে আলাচেনা করব, এরপর নোটিশের যথাযথ জবাব দেব। উপস্থাপনা করতে গিয়ে মাঝে মাঝে বিতর্কের শিকার হই। যে কোনো কাজে আলোচনা-সমালোচনা দুটোই হবে। আমার যে কোনো অনুষ্ঠানের ধরনই আলাদা। বিষয়টি যারা বোঝেন তাদের কোনো অভিযোগ নেই।
'কিসের কথা' নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান শুরুর কথা বলেছিলেন...
'কিসের কথা' নিয়ে অনেক গবেষণা করেছি। দুই পর্ব রেকর্ডিং করেও ফেলে দেওয়া হয়েছে। মনমতো না হওয়া পর্যন্ত রেকর্ডিং চলবে। করোনার অনেক কিছুই পিছিয়ে গেছে।
আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে আপনার পরিচালনায় নির্মিত চলচ্চিত্র 'আমার মা'...
ছবির গল্প অসাধারণ। গানও ভালো হয়েছে। ছবিটি দেখে দর্শকদের ভালোলাগার মুহূর্ত তৈরি হবে। করোনার সব কিছু স্থবির হয়ে আছে। যে জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও এটি প্রেক্ষগৃহে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। তাই এটিএন বাংলায় এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
- বিষয় :
- শাহরিয়ার নাজিম জয়
- সেন্স অব হিউমার
- বিনোদন