চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান বেড়ে ৭৫ লাখ হলো
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০১:৩৩
তথ্যমন্ত্রণালয় থেকে ২০১৮-১৯ অর্থ বছরে সর্বোচ্চ ৬০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছিল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে। এ বছর অনুদানের টাকার পরিমাণ বাড়িয়ে ৬০ থেকে করা হয়েছে ৭৫ লাখ। আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার এ সংক্রান্ত এক নীতিমালা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। সেখানে জানানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য। সেখানে জানানো হয়, মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্রসহ ১০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান দেয়া হবে। আর অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র কমপক্ষে ১০টি সিনেমা হলে মুক্তির দিতে হবে।
এবার একটি শিশুতোষ চলচ্চিত্রসহ ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রত্যেকটিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে অনুদান দেয়া হবে বলে আরেক নীতিমালায় জানানো হয়েছে।
অনুদানের পেতে নীতিমালায় আরও কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে-অনুদানের চেক প্রাপ্তির ৯ মাসের মধ্যে চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ করতে হবে। চলচ্চিত্রের ভাষা ও বিষয়বস্তু জেন্ডার সংবেদনশীল হতে হবে। ডিজিটাল ফরমেটে দৃশ্যধারণ করতে হবে।
শিগগিরই নতুন নীতিমালার আলোকে ১১ সদস্যের অনুদান কমিটি ও ৭ সদস্যের অনুদান বাছাই কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে। প্রতি বছর ৩১ অগাস্টের মধ্যে চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে তথ্য মন্ত্রণালয়।
- বিষয় :
- সরকারি অনুদানে ছবি
- বিনোদন
- অনুদানের ছবি