১৮ মাসের প্রেম, গৌরীকে যেভাবে আড়ালে রেখেছিলেন আমির
আমির খান ও গৌরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫ | ১৯:২৩
বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের নতুন প্রেমিকার সঙ্গে ২৫ বছরের পরিচয়। গত ১৮ মাস দু’জন চুটিয়ে প্রেম করলেও কেউ টের পায়নি। এতোদিন প্রেমের খবর আড়ালেই ছিল। তবে নিজের জন্মদিনে লুকিয়ে রাখা সম্পর্ক প্রকাশ্যে এনেছেন আমির। শুধু তাই নয়, কীভাবে মিডিয়ার আড়ালে রেখেছিলেন বিষয়টা সে কথাও জানিয়েছেন অভিনেতা।
বেঙ্গালুরুর কন্যা গৌরীকে ইতিমধ্যেই পরিচয় করে দিয়েছেন আমি। প্রেমের সম্পর্ক আড়াল রাখা নিয়েও কথা বলেছেন তিনি। আমির বলেন, ‘গৌরী তো বেঙ্গালুরুতে থাকেন। এতদিন পর্যন্ত ওখানেই থাকতেন। আমি তাঁর সঙ্গে দেখা করতে যেতাম। সেখানে মিডিয়ার নজরদারিও কম। আমরা আসলে সমস্ত নজরদারির আড়ালে থাকতে চেয়েছিলাম।’
গ্ল্যামার দুনিয়ার সঙ্গে তেমন সংযোগ নেই গৌরীর। তবে আমিরের বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। অভিনেতা বলেন, ‘আমি এমন একজনকে চেয়েছিলাম জীবনে যাঁর মধ্যে মায়া-দয়া রয়েছে। সত্যিকারের ভদ্র এবং অত্যন্ত যত্নশীল হবে সে। গৌরী আমাকে একজন সুপারস্টার হিসেবে নয়, বরং ভালো সঙ্গী হিসেবে পছন্দ করেছেন।’
বর্তমানে আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেই যুক্ত গৌরী। তবে সবার মনে এখন একটাই প্রশ্ন। তৃতীয় বার বিয়ে করবেন অভিনেতা? মাসখানেক আগেই অবশ্য সে বিষয়ে কথা বলেছিলেন অভিনেতা। তবে পরিবারের সকলে তাঁর জীবনের সমস্ত সিদ্ধান্তে পাশে আছেন বলেও জানিয়েছেন অভিনেতা।
