ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নীহার সঙ্গে প্রেম করতে হলে ইয়াশকে কিছু উইশ পূরণ করতে হবে

নীহার সঙ্গে প্রেম করতে হলে ইয়াশকে কিছু উইশ পূরণ করতে হবে
×

‘উইশ কার্ড’ নাটকের দৃশ্যে ইয়াশ ও নিহা।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫ | ১৭:৩৭ | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ | ১৭:৫৯

বর্তমান টিভি নাটকের অন্যতম জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। মাসজুড়েই এই জুটিকে দেখা যায় একাধিক নাটকের শুটিংয়ে, যেগুলো ইউটিউবে মিলিয়ন ভিউয়ের ঘরে পৌঁছায় অনায়াসে। এবার এই জনপ্রিয় জুটিকে নিয়ে নির্মিত হলো নতুন নাটক ‘উইশ কার্ড’, যেটি পরিচালনা করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন।

নাটকের গল্পে হৃদি (নীহা) এক বন কর্মকর্তার মেয়ে। বাবার বদলির কারণে সে নতুন এক এলাকায় আসে এবং ভর্তি হয় স্থানীয় একটি কলেজে। প্রথম দিনেই তার দেখা হয় কলেজের সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর।

তবে ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ। কিন্তু প্রেমের প্রস্তাবে সাড়া না দিয়ে বরং হৃদি সাদকে ছুড়ে দেয় এক অদ্ভুত চ্যালেঞ্জ-তাকে পেতে হলে পূরণ করতে হবে কয়েকটি 'উইশ'। একে একে সেই সব ইচ্ছা পূরণের পথেই এগিয়ে যায় গল্প, যার চমক জানতে হলে অপেক্ষা করতে হবে নাটকটি মুক্তি পাওয়া পর্যন্ত।

নাটকটি নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘ইয়াশের সঙ্গে এটা আমার প্রথম কাজ। ও খুব মনোযোগী ও অভিনয়ে সিরিয়াস। আর নীহা তো ভীষণ গোছানো, ডেডিকেটেড একজন অভিনয়শিল্পী। ওদের দুজনকে নিয়ে কাজ করে খুব ভালো লেগেছে।’

অভিনেতা ইয়াশ রোহান বলেন,  ‘নাটকটি ভীষণ এনার্জেটিক একটি নাটক। সৌখিন ভাই প্রতিটি দৃশ্য খুব নিখুঁতভাবে ধারণ করেছেন। আমি আশাবাদী, দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

অন্যদিকে অভিনেত্রী নাজনীন নীহা জানান, ‘সৌখিন ভাইয়ের সঙ্গে এটি আমার চতুর্থ নাটক। এর আগে আমাদের ‘মনদুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘লাভ রেইন’ নাটকগুলো ভালো সাড়া পেয়েছে। এবারও আশা করছি দর্শকরা নাটকটি দেখে আনন্দ পাবেন।’

নাটকটিতে একটি মৌলিক গান রয়েছে, যেটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

নির্মাতা জানিয়েছেন, নাটকটি ১৪ আগস্ট প্রকাশিত হবে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন

×