বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে সুনীতা বললেন, ‘গোবিন্দ শুধু আমার’
গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ১৮:৩৭ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ | ১৮:৫১
বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদ নিয়ে কয়েকদিন ধরেই নানা গুঞ্জন ছড়াচ্ছিল। যদিও তারা প্রকাশ্যে কেউ কোনো কথা বলেননি। এবার একসঙ্গে মন্দিরে উপস্থিত হয়ে সেই সব খবর উড়িয়ে দিলেন এই দম্পতি।
সংবাদমাধ্যমের সামনে সুনীতা স্পষ্ট জানিয়ে দিলেন, তাকে স্বামীর থেকে আলাদা করার ক্ষমতা কারও নেই। সেই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সুনীতা বলেন, “সাহস থাকলে কেউ আমাদের আলাদা করে দেখাক! আমার স্বামী শুধুই আমার। গোবিন্দও শুধু আমার।”
দাম্পত্য জীবনে ৩৭ বছরের পার করছেন গোবিন্দ-সুনীতা। কিছুদিন আগে শোনা গিয়েছিল, সুনীতা নাকি গত ডিসেম্বরেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এবং অভিনেতার বিরুদ্ধে প্রতারণা ও পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।

তবে বুধবার সুনীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ সবার গালে চড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে। যদি আমাদের মধ্যে কোনো সমস্যা থাকত, আমরা কি এভাবে একসঙ্গে প্রকাশ্যে আসতাম?”
সুনীতির কথায়, “আমাদের কেউ আলাদা করতে পারবে না। ভগবান নেমে এলেও না। এমনকি শয়তানের পক্ষেও সেটা সম্ভব নয়। যতক্ষণ না আমি নিজে কিছু বলছি, ততক্ষণ এসব গুঞ্জনকে বিশ্বাস করবেন না।”
গোবিন্দ-সুনীতার মেয়ে টিনা আহুজাও সম্প্রতি একই প্রতিক্রিয়া জানিয়েছেন। হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে টিনা স্পষ্টভাবে জানান-এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
স্ত্রী সুনীতা ও মেয়ে টিনা আহুজার সঙ্গে গোবিন্দ। ছবি: ফেসবুক
টিনা বলেন, ‘মা-বাবাকে নিয়ে কয়েকদিন হল যা শুনছেন, সবই গুজব। আমি এসবের দিকে কোনো মনোযোগ দিই না। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ, আমার একটি সুন্দর পরিবার আছে। মিডিয়া, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, উদ্বেগ আর সমর্থনের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’
গত কয়েক সপ্তাহ ধরে নানা জল্পনা ছড়ায়, বিশেষ করে সুনীতা আহুজা একটি আবেগঘন ভ্লগ শেয়ার করার পর। এরপর থেকেই তাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়েছে বলে গুঞ্জন শুরু হয়। এমনকি গোবিন্দ ও সুনীতা আলাদা থাকছেন বলে দাবি ওঠে। আরও জটিলতা তৈরি হয় যখন কিছু রিপোর্টে বলা হয়, টিনা নিজেই মুম্বাই ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। কিন্তু সুনীতার বুধবারের বক্তব্য আপাতত বিবাহবিচ্ছেদ নিয়ে সব গুঞ্জন শেষ করে করে দিল। সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার অনলাইন।
