ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তিন বছর পর নিশো, স্বপ্ন পূরণ হলো নাবিলার

তিন বছর পর নিশো, স্বপ্ন পূরণ হলো নাবিলার
×

আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা।

অনিন্দ্য মামুন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ | ২০:২৯

শোবিজ মানেই নিত্যনতুন গল্প। প্রতিদিন জন্ম নেয় নতুন অধ্যায়–কখনও রঙিন, কখনও ফিকে, কখনওবা সাদাকালো। তারকাদের পর্দার জুটি থেকে শুরু করে বাস্তব জীবনের সম্পর্ক–সবকিছু নিয়েই দর্শকের কৌতূহল তুঙ্গে থাকে। তবে ঢাকার ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই স্থায়ী জুটি গড়ে ওঠার প্রবণতা কমে গেছে। যেসব জুটিকে একসময় টিভি বা প্রেক্ষাগৃহে দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকতেন, সেই অভ্যাস এখন আর নিয়মিত দেখা যায় না।

এই প্রেক্ষাপটেই নতুন জুটি হিসেবে আলোচনায় এসেছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। প্রথমবার তাঁরা একসঙ্গে হাজির হলেন ওটিটির পর্দায়, ভিকি জাহেদ পরিচালিত সাত পর্বের সিরিজ ‘আকা’তে। নামের ভেতরেই রহস্য ‘আকা’ মানে আসলে আবুল কালাম আজাদ–সিরিজে নিশোর চরিত্রের নাম। সেই চরিত্রে রয়েছে ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ আর এক অজানা অন্ধকার দুনিয়ার ছায়া।

রহস্যের আড়ালে নতুন জুটি

কয়েক বছর আগে আশফাক নিপুণের একটি সিরিজে নিশো-নাবিলা একসঙ্গে অভিনয় করেছিলেন। সেটি আলোর মুখ দেখেনি। সেই শূন্যতা এবার পূরণ হচ্ছে ‘আকা’ দিয়ে। সিনেমায় দুজনেই ছিলেন আলোচনায়–নিশো ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ দিয়ে, আর নাবিলা ‘আয়নাবাজি’ ও ‘তুফান’-এর খ্যাতি নিয়ে। ফলে তাঁদের একসঙ্গে আসা দর্শকের কাছে স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ তৈরি করেছে। ‘আকা’য় নাবিলা অভিনয় করেছেন মেঘা চরিত্রে–সাহসী, আত্মমর্যাদাবোধসম্পন্ন ও দৃঢ়চেতা এক নারী, যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানেন। নিজের চরিত্র নিয়ে নাবিলা বললেন, ‘মেঘা সাধারণ মেয়ে হলেও তার আত্মবিশ্বাস অসাধারণ। বাস্তব জীবনের সঙ্গে অনেক মিল থাকায় চরিত্রটির ভেতর ঢুকতে আমার কষ্ট হয়নি।’ তিনি আরও যোগ করলেন, ‘ভিকি জাহেদের সঙ্গে কাজ করার ইচ্ছে অনেক দিনের। তাঁর গল্পের ভেতরে সবসময় আলাদা একটা বিষয় থাকে। নিশো ভাই তো আছেনই। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল দারুণ।’

তিন বছর পর ফেরা 

তিন বছর পর ওটিটিতে ফিরছেন আফরান নিশো। মাঝখানে ব্যস্ত ছিলেন বড়পর্দায়, করেছেন আলোচিত ছবি ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’। সিনেমাগুলো দিয়ে বড়পর্দাতেও দারুণভাবে আস্থা অর্জন করেছেন তিনি। ফলে এ মাধ্যমেই নিয়মিত এখন বিচরণ তাঁর। ফাঁকে ফিরলেন ওটিটিতে। এখানে ফিরেও সমান আত্মবিশ্বাসী তিনি। নিশোর ভাষায়, ‘‘আমি সবসময় ভালো গল্প ও প্রডাকশনের সঙ্গে থাকতে চাই। ‘আকা’ ঠিক সেরকমই। সিরিজে নাবিলা দুর্দান্ত করেছে। আশা করি, তাঁর ওটিটির এই যাত্রা শুভকর হবে।’’

ভিকির ভিন্নধর্মী পরীক্ষা

পরিচালক ভিকি জাহেদ সবসময়ই তাঁর গল্পে আলাদা ছাপ রাখেন। ‘পুনর্জন্ম’, ‘ভুলজন্ম’, ‘চিরকাল আজ’ কিংবা ‘রেডরাম’–প্রতিটি কাজেই তিনি দর্শকের মনে রেখাপাত করেছেন। এবারও তিনি ব্যতিক্রম নন। তাঁর ভাষায়, ‘আকা শুধু থ্রিলার নয়, এর ভেতরে আছে সামাজিক বার্তাও। একে সোশ্যাল থ্রিলার বলতে পারেন। প্রায় ছয় মাস ধরে এই সিরিজের জন্য কাজ করেছি।’ তিনি আরও বলেন, ‘আকা নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। আকার মাধ্যমে আমি আসলে দর্শকের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পর এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব। নিশো ভাইয়ের সঙ্গে এর আগে আমি অনেক কাজ করেছি, তবে এই প্রথম কোনো সিরিজে আমরা একসঙ্গে কাজ করছি। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই স্পেশাল।’
রহস্য পোস্টার থেকেই শুরু
‘আকা’র প্রকাশিত পোস্টারেই দর্শকের কৌতূহল বেড়েছে বহুগুণ। বিশেষ করে নিশোর রহস্যময় হাফ লুক, যেখানে মুখের অর্ধেক ঢাকা, আর ক্যাপশনে ছুড়ে দেওয়া হয়েছে প্রশ্ন, নায়ক নাকি খলনায়ক? রক্ষক নাকি ভক্ষক?–এই অনিশ্চয়তাই সিরিজের প্রতি আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

শক্তিশালী অভিনয়শিল্পী দল

শুধু নিশো-নাবিলাই নন, সিরিজটিতে আরও অভিনয় করেছেন অভিজ্ঞ শিল্পীরা–আজিজুল হাকিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, এ কে আজাদ সেতুসহ অনেকে। ফলে অভিনয় ও নির্মাণ–দুই দিক থেকেই ‘আকা’ হয়ে উঠেছে সমৃদ্ধ।
 

আরও পড়ুন

×