ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রেকর্ডের নতুন যুগে অবসকিওর

রেকর্ডের নতুন যুগে অবসকিওর
×

অবসকিওর ব্যান্ডের সদস্যরা। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:০৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:০৬

ক্যাসেট, সিডি যুগের আগে গান শোনার অন্যতম মাধ্যম ছিল ভাইনাল রেকর্ড; অনেকের কাছে যা লং প্লে রেকর্ড হিসেবে পরিচিত। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে আবির্ভাব ঘটেছে সেই ভাইনাল রেকর্ডের। এরই মধ্যে বিশ্বনন্দিত বেশ কয়েকজন শিল্পী, সংগীতায়োজক ও ব্যান্ড তাদের কালজয়ী গানগুলো ভাইনাল রেকর্ডের মাধ্যমে অ্যালবাম আকারে প্রকাশ করেছে।

একই পথের পথিক হয়ে হাঁটা শুরু করেছেন সমকালীন বেশ কিছু আলোচিত ব্যান্ড ও শিল্পীর। তাদের পথ অনুসরণ করে দেশের প্রথম সারির ব্যান্ড অবসকিওর সদস্যরাও পা রেখেছেন ভাইনাল রেকর্ডের নতুন যুগে। প্রকাশ করতে যাচ্ছেন ‘রিইনকারনেশন’ নামে ভাইনাল রেকর্ড অ্যালবাম। যেখানে স্থান পাচ্ছে এই ব্যান্ডের সাড়া জাগানো বেশ কিছু গান। সে তালিকায় রয়েছে ‘কাল সারারাত’, ‘মাঝরাতে চাঁদ যদি’, ‘নিঝুম রাতের আঁধারে’, ‘স্বপ্নচারিণী’, ‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’, ‘এইবার শেষ হোক’, ‘কেমন আছো’-সহ নির্বাচিত আরও কিছু গান। পুনরায় রেকর্ড করা এই গানগুলোয় থাকছে নতুন শব্দ সংযোজনা।

সম্প্রতি ‘রিইনকারনেশন’ অ্যালবামটি অনলাইনে প্রকাশ করা হয়েছে। তবে ভাইনাল রেকর্ডটি হাতে পেতে শ্রোতাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। অবসকিওর সদস্যরা জানান এরই মধ্যে নতুন সংগীতায়োজন ও শব্দ সংযোজনায় রেকর্ড করা গানগুলো আয়ারল্যান্ডে পাঠানো হয়েছে। সেখানেই তৈরি হচ্ছে তাদের প্রথম ভাইনাল রেকর্ড। মূলত এটি ব্যান্ডের চার দশক পূর্তির স্মারক আয়োজন। আগামী জানুয়ারিতে এই রেকর্ড অ্যালবামটি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারবেন বলে আশা করছেন তারা।  

চলতি বছর গানের ভুবনে পথচলার চার দশক পূর্ণ হয়েছে অবসকিওরের। এ উপলক্ষে ছয় বছরের বিরতি ভেঙে অ্যালবাম প্রকাশের ঘোষাণা দিয়েছিল এই ব্যান্ডের সদস্যরা। জানিয়েছিলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ পাবে তাদের ১৪তম অ্যালবাম ‘রিইনকারনেশন’; যার বাংলা অর্থ পুনর্জন্ম। চার দশকের দীর্ঘ যাত্রায় যে গানগুলো ব্যান্ডের চালিকাশক্তি হিসেবে কাজ করেছে, নির্বাচিত তেমনই ১০টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। সে কারণেই এ নামকরণ। আরও জানিয়েছিলেন, ‘রিইনকারনেশন’-এর বাছাই করা প্রতিটি গানই নতুন করে মিক্সিং করা হয়েছে। প্রোডাকশনেও রয়েছে আধুনিকতার ছাপ; যার সুবাদে শ্রোতারা হাইরোজ সাউন্ডে গানগুলো শোনার সুযোগ পাবেন; যা নব্বই দশকের শ্রোতাদের এনে দেবে স্মৃতি রোমন্থনের স্বাদ আর নতুন প্রজন্মকে দেবে আলাদা এক সুরেলা অনুভূতি। এককথায় এ সংকলনটি পুরোনো স্মৃতি আর নতুন আবেগের  মেলবন্ধন। তবে ঘোষণা অনুযায়ী ‘রিইনকারনেশন’ অ্যালবামটি প্রকাশ করা হয়ে উঠেনি অবসকিওরের। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পিছিয়ে দেওয়া হয়েছিল অ্যালবাম প্রকাশনা। অবশেষে একটু দেড়িতে হলেও গান বাক্স মিউজিকের তত্ত¡বাবধানে সব ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পেল অ্যালবামটি। এখন শুধু অপেক্ষা ভাইনাল রেকর্ড হাতে পাওয়ার। 

এ নিয়ে অবসকিওরের কণ্ঠশিল্পী ও দলনেতা সাঈদ হাসান টিপু বলেন, ‘১৯৮৫ থেকে ২০২৫ পর্যন্ত সংগীতের এই দীর্ঘ সফরে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আসতে হয়েছে আমাদের। এই সফরে গানই ছিল আমাদের প্রধান চালিকাশক্তি। শ্রোতাদের ভালোবাসা ছিল শক্তি, সাহস ও প্রেরণার উৎস। এ কারণে চার দশকের মাইলফলক স্পর্শের মুহূর্তটি স্মরণীয় করে রাখতে চেয়েছি আমরা। সেই ভাবনা থেকে ‘রিইনকারনেশন’ অ্যালবামের পরিকল্পনা ও প্রকাশনা। যে কোনো ব্যান্ডের জন্যই চার দশকের মাইলফলক স্পর্শ এক অনন্য অর্জন ও অন্যরকম ভালো লাগার। তাই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের পাশাপাশি ‘রিইনকারনেশন’ অ্যালবামটি ভাইনাল রেকর্ড তৈরি করছি, যা আমাদের দীর্ঘ সফরের এক স্মারণ হিসেবে থেকে যাবে বলে মনে করি।’    
 

আরও পড়ুন

×