ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রিভিউ

কাজলের ‘মা’ কতটা ভয় দেখাল

কাজলের ‘মা’ কতটা ভয় দেখাল
×

‘মা’ সিনেমার একটি দৃশ্যে কাজল ও কেরিন শর্মা। ছবি: সংগৃহীত

সাদিকুর রহমান

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:৫২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৪৪

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে বিশাল ফুরিয়া পরিচালিত ও কাজল অভিনীত সিনেমা ‘মা’। পৌরাণিক গল্পনির্ভর হরর ধাঁচের এই সিনেমাটি ‘শয়তান’ এর স্পিন অফ। 

অজয় দেবগন ও আর মাধবন অভিনীত ‘শয়তান’ মুক্তি পায় গত বছর। স্পিন অফ হলেও ‘মা’ সিনেমার গল্প কিছুটা নিজস্ব গতিতে চলতে চেয়েছে। মাতৃত্বের অদম্য শক্তির ভূমিকায় কাজলের অশুভ শক্তি মোকাবিলা করার চেষ্টা একটি আখ্যান তৈরি করে। কিন্তু দর্শককে ভয় পাওয়ানোর জন্য ব্যবহার করা দুর্বল উপাদান, অসম্পূর্ণ চিত্রনাট্য এবং সস্তা ভিএফএক্স সিনেমাটিকে একেবারে সাদামাটা করেছে।

গল্প শুরু হয় পশ্চিমবঙ্গের কাল্পনিক চন্দ্রপুর গ্রামে। যেখানে চার দশক আগে একটি কন্যা শিশুর বলিদানের ঘটনা ঘটেছিল। কেন্দ্রীয় চরিত্র আম্বিকা (কাজল) একজন সাধারণ নারী। যিনি স্বামী শুভঙ্কর (ইন্দ্রনীল সেনগুপ্ত) ও মেয়ে শ্বেতাকে (কেরিন শর্মা) নিয়ে কলকাতায় সুখে জীবনযাপন করেন। শুভঙ্করের বাবার মৃত্যুর পর তারা গ্রামে পৈতৃক হাভেলিতে ফিরে যান। যেখানে রক্তবীজ নামক একটি পৌরাণিক দানবের অভিশাপ তাদের জীবন বিপর্যস্ত করে তোলে। 

এই দানবটির চরিত্র অনেকটা ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজের ডেমোগর্গনের মতো অতিপ্রাকৃত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু স্ট্রেঞ্জার থিংসে ডেমোগর্গনের উপস্থিতি দর্শকদের শিহরিত করলেও মা সিনেমায় রক্তবীজের উপস্থিতি দুর্বল ভিএফএক্সের কারণে প্রায়ই কার্টুনের মতো লাগে।  

আম্বিকার চরিত্রে কাজল অসাধারণ। মায়ের প্রবৃত্তি থেকে ক্রমশ দেবী কালীর অবতারে রূপান্তরের দৃশ্যগুলো ছবির সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। ক্লাইম্যাক্সে কাজলের অভিনয় বেশ ভালো। কিন্তু পার্শ্বচরিত্ররা কাজলের সঙ্গে একেবারেই তাল মেলাতে পারেননি। ইন্দ্রনীল সেনগুপ্তের উপস্থিতিও অল্প সময়ের।

কাজলের মেয়ের চরিত্রে কেরিন শর্মার অভিনয় একেবারেই অপরিপক্ক লাগে। ভারতের জনপ্রিয় টিভি সিরিজ ‘আদালত’ এর কে ডি পাঠকের চরিত্রে রণিত রায় যতটা সাবলীল সিনেমায় তিনি যেন একেবারেই খেই হারিয়ে ফেলেছেন। গ্রাম বাংলার প্রভাবশালী এক ব্যক্তির চরিত্রে তাঁর ভাঙা ভাঙা বাংলা উচ্চারণ গল্পের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। 

হরর ধাঁচের সিনেমায় আবহ সংগীত অনেক বেশি গুরুত্বপূর্ণ। ‘মা’তে আবহ সংগীত কিছু জায়গায় উত্তেজনা তৈরি করে, আবার কিছু জায়গায় অতিপরিচিত লাগে। 

সিনেমাটি কি ব্যর্থ  
কিছুটা ব্যর্থ, তবে বলিউডে সম্প্রতি মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলোর মতো ব্যর্থ নয়। গত বছর মুক্তি পাওয়া ‘স্ত্রী-২’ ও ‘শয়তান’ এর তুলনায় ‘মা’ প্রত্যাশা পূরণ করে না। তবে চলতি বছর মুক্তি পাওয়া সঞ্জয় দত্তের ‘দ্য ভূতনি’র মতো অতটা হাস্যকর নয়। যারা কাজলের ভক্ত ও পৌরাণিক গল্প পছন্দ করেন তাদের কাছে ‘মা’ অন্তত একবার দেখার মতো সিনেমা।

আরও পড়ুন

×