ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

লন্ডন-রোম-মুম্বাই ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

লন্ডন-রোম-মুম্বাই ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
×

‘বাড়ির নাম শাহানা’ সিনেমার একটি দৃশ্য

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৪৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৫৩

লন্ডন, শিকাগো, মেলবোর্ন, রোম ও মুম্বাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বাড়ির নাম শাহানা’ এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে লীসা গাজী পরিচালিত সিনেমাটি।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প ‘বাড়ির নাম শাহানা’। এ চলচ্চিত্রের মূল চরিত্র দীপা। নব্বইয়ের দশকের রক্ষণশীল মফস্বল পরিবেশে বড় হওয়া দীপা যার কৈশোরের একটি জেদের মাশুল দিতে হয় পরিবারের চাপে ইংল্যান্ড প্রবাসী এক বিপত্নীকের সাথে ট্রাঙ্ক কলে বিয়ে বাঁধার মাধ্যমে। একা দীপা লন্ডনে পাড়ি জমায় ভাগ্যের অজানা রাস্তায়। কিন্তু সেখানে তার জন্যে অপেক্ষা করে থাকে কল্পনার অতীত বাস্তবতা। দীপা কি পারবে সেই কঠিন বাস্তবতা একা মোকাবিলা করতে!

চলচ্চিত্রে মূল চরিত্র দীপার ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দীকা। তার পাশাপাশি অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরও অনেকে। 

সিনেমাটির অধিকাংশ দৃশ্য বাংলাদেশের একটি মফস্বল শহরে এবং বাকি অংশ ইংল্যান্ডের একটি ছোট শহরে ধারণ করা হয়েছে। গল্পের সময় ও প্রেক্ষাপটের সাথে মিল রেখে সব দৃশ্য প্রাকৃতিক পরিবেশে তোলা হয়েছে। কোনো ডাবিং ছাড়াই শতভাগ অন-লোকেশন সাউন্ড ব্যবহার করা হয়েছে।

‘বাড়ির নাম শাহানা’ পরিচালক লীসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও বিজন জিত। চিত্রনাট্য লিখেছেন পরিচালক লীসা গাজী এবং আনান সিদ্দিকা। চিত্রগ্রহণ করেছেন যোহায়ের মুসাভভির। সংগীত পরিচালনায় রয়েছেন সোহিনী আলম।

পরিচালক লীসা গাজী বলেন, ‘বাড়ির নাম শাহানা’ আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। নিজের জীবনকে নিজের মতো করে যাপন করার সরল চাওয়া দীপাকে দুঃসাহসী এক নারীস্বত্বা হিসেবে হাজির করে। এটি বিষণ্ন করার ছবি নয়, বরং জীবনের জয়গানে মুখর।’

প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘আমার যাপিত জীবনে দেখা মানুষগুলোর ছায়া আমি দীপা চরিত্রটির মধ্যে দেখতে পাই। গৎবাঁধা বীরত্বগাথাকে পাশ কাটিয়ে চলচ্চিত্রটি আমাদের এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।’

বাংলাদেশের দর্শকদের পাশাপাশি অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে সিনেমাটি মুক্তি পাবে। অস্ট্রেলিয়াতে ‘বাড়ির নাম শাহানা’ পরিবেশন করছে সাকিব ইফতেখার এবং ফয়সাল বাসার, পরিবেশনা প্রতিষ্ঠান স্ক্রিনস্কোপ থেকে।

প্রসঙ্গত, ‘বাড়ির নাম শাহানা’ ২০২৩ সালের এমএএমআই মুম্বাই চলচ্চিত্র উৎসবে ভারতের চলচ্চিত্র সমালোচক গিল্ড থেকে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ জিতেছে। লন্ডনের বিএফআই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের পছন্দের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়। রোমের কারাভান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এও একই পুরস্কার পেয়েছে। মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়। এছাড়া আমেরিকার শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে রানারআপ জুরি পুরস্কার অর্জন করে।

আরও পড়ুন

×