ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

জুয়ার আসর থেকে তামিল অভিনেতা গ্রেপ্তার

জুয়ার আসর থেকে তামিল অভিনেতা গ্রেপ্তার
×

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০ | ১০:২৫

বেআইনি জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জনপ্রিয় তামিল অভিনেতা শাম। তার অ্যাপার্টমেন্ট থেকেই আরও ১২ জনকে ধরে নিয়ে যায় চেন্নাই পুলিশ। পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।

এনডিটিভির প্রতিবেদন জানায়, নানগামবাক্কামের বাড়িতে জুয়ার আসর বসিয়েছেন এই খবর পেয়েই হানা দেয় পুলিশের একটি দল। সেখান থেকেই তথ্য-প্রমাণসহ গ্রেফতার করা হয় ১৩ জনকে।আটকদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন নতুন পরিচালক, বেসরকারি অফিসের কর্মকর্তা, হোটেল মালিক, ব্যবসায়ী এমনকি আইনজীবীরাও। 

লকডাউনের সময় জনপ্রিয় অভিনেতা প্রত্যেহ রাতে নিজের বাড়িতে জুয়ার আসর বসায় বলে অভিযোগ রয়েছে পুলিশের কাছে।

শামের মালিকানাধীন ফ্ল্যাট থেকে জুয়ায় ব্যবহৃত প্রচুর টোকেন উদ্ধার হয়েছে। প্রচুর তাস-টাকাও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ জানায়, আরেক জনপ্রিয় অভিনেতা সম্প্রতি শামের বাড়িতে জুয়া খেলে বিরাট অঙ্কের অর্থ খুইয়েছিলেন। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে। স্নাতক স্তরে তৃতীয় বর্ষের এক ছাত্র অনলাইন গেমে প্রচুর টাকা খুইয়ে আত্মঘাতী হওয়ার পরদিনই শামের জুয়ার আড্ডায় হানা দিল পুলিশ। এক পুলিশ কর্মকর্তা জানান, অফিস থেকে ধার করা ২০ হাজার রুপি জুয়ায় হেরে হতাশ হয়ে পড়েছিলেন ওই যুবক। এর পরই আত্মহত্যার পথ বেছে নেন।

সম্প্রতি জুয়া ও অনলাইন গেমের বাড়বাড়ন্ত রুখতে কড়া আইন আনা প্রয়োজন বলে মতপ্রকাশ করেছিল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ।

শামের মূল নাম শামসুদ্দীন ইব্রাহিম। ২০০১ সালে ‘টুয়েলভবি’ ছবিতে অভিষেক হয় তার। তামিল, তেলুগু ও কন্নড় ভাষায় বেশ কয়েকটি মুভিতে অভিনয় করেছেন। ২০১৭ সালে মালায়লাম ফিল্মেও অভিষেক হয় তার। ছবির নাম ছিল ‘দ্য গ্রেট ফাদার’। 

লেসা লেসা, ইয়ারকাই, উল্লাম কেতকুমাই ও অন্যান্য বেশ কয়েকটি জনপ্রিয় ফিল্মে অভিনয় করে সাড়া জাগিয়েছেন এই অভিনেতা। তার মুক্তি পাওয়া শেষ সিনেমা হলো ‘কাভিয়াঁ’।

আরও পড়ুন

×