ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

আর্জেন্টিনা জিতলে বিয়ে প্রসঙ্গ

ফাইনাল ম্যাচের আগে যা বললেন পরীমণি

ফাইনাল ম্যাচের আগে যা বললেন পরীমণি
×

পরীমণি। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ২১:২১ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ২১:২৫

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। তবে ফাইনালের আগে এসে জানালেন, মজার ছলে দেওয়া সেই পোস্টই এখন তাঁর জন্য ‘মুসিবত’ হয়ে দাঁড়িয়েছে।

রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমণি বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলেছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই বিষয়টাকে এত সিরিয়াসলি নেবে। এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না, কী করব।’

তিনি জানান, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই মজার ছলে পোস্টটি করেছিলেন। তবে সেটি যে এতটা আলোচনার জন্ম দেবে, তা কল্পনাও করেননি।

বিয়ে প্রসঙ্গে আরেকটি বাস্তবতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। পরীমণি বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউই নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়েশাদি করুক। এরপর কিংবা তার আগে ছেলে যদি অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’

তার এই বক্তব্যে স্পষ্ট, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও সঙ্গে সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা নেই তার।

গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে নিজের ফেসবুকে পরীমণি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজারো শেয়ারে সেটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর হ্যারি কেইনকে নিয়েও একটি রসাত্মক পোস্ট করেন তিনি।

এখন বিশ্বকাপ ফাইনালের পাশাপাশি ভক্তদের আগ্রহের আরেকটি বিষয়—আর্জেন্টিনা শিরোপা জিতলে সত্যিই কি আবার বিয়ে করবেন পরীমণি, নাকি সেটিও থাকবে শুধুই মজার একটি ঘোষণা।

আরও পড়ুন

×