ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দ, নেওয়া হলো হাসপাতালে

নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দ, নেওয়া হলো হাসপাতালে
×

অভিনেতা গোবিন্দ। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ১৪:০৫ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ১৪:২১

অসুস্থ অবস্থায় বলিউড অভিনেতা গোবিন্দকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে জ্ঞান হারানোর পর দ্রুত তাঁকে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত গোবিন্দর শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে আছে, তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানান, ‘রাত প্রায় ১০টার দিকে এই ঘটনা ঘটে। এরপরই তাঁকে দ্রুত ক্রিটিকেয়ার হাসপাতালে নেওয়া হয়। নিউরোলজিস্ট গোবিন্দর শারীরিক অবস্থা পরীক্ষা করছেন। তবে কতদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে, তা এখনো নিশ্চিত নয়।’

অভিনেতার সহযোগী ও আইন উপদেষ্টা ললিত বিন্দাল জানান, ‘ওনার মাথা হালকা ঘুরছিল, তারপর ভারী হয়ে যায়। তাই নিরাপত্তার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে। তবে তিনি এখন অনেক ভালো আছেন এবং বিশ্রাম নিচ্ছেন। চিন্তার কিছু নেই।  নিউরোলজিস্টের পরামর্শেই তার চিকিৎসা চলছে। মেয়ে টিনা এখন ওনার সঙ্গে আছে, বাকিরা বাইরে আছেন।’

গোবিন্দর আকস্মিক হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে এর একদিন আগে ধর্মেন্দ্রর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছিলেন সুনীতা। মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘পাঞ্জাবিরা কখনো হার মানে না। ধর্মেন্দ্রজি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন।’

ভিডিওটিতে সুনীতাকে বলতে শোনা যায়, ‘গোবিন্দ গতকাল ওনার (ধর্মেন্দ্রর) সঙ্গে দেখা করেছেন, কিন্তু আমি তখন মুম্বাইয়ে ছিলাম না। উনি আমাদের পরিবারের প্রিয় অভিনেতা, প্রিয় মানুষ। আমি ওনার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’

এর আগে গত বছর অক্টোবরে এক দুর্ঘটনায় আহত হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন গোবিন্দ। তখন নিজের লাইসেন্সকৃত রিভলভার পরিষ্কার করার সময় ভুলবশত গুলি বের হয়ে তাঁর হাঁটুর নিচে লাগে। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। প্রায় এক ঘণ্টা দীর্ঘ অস্ত্রোপচারের মাধ্যমে বুলেটটি বের করা হয়েছিল।

হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর অভিনেতা নিজেই বলেন, ‘কলকাতায় অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতির সময় আমি বন্দুকটি আলমারিতে রাখতে যাচ্ছিলাম, হঠাৎ সেটা পড়ে যায় এবং গুলি ছুটে যায়। আমি হতভম্ব হয়ে যাই, তারপর দেখি পা থেকে রক্তের ফোয়ারা উঠছে।’

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক গোবিন্দ ‘আঁখে’, ‘হাসিনা মান জায়েগি’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘ভাগম ভাগ’, ‘স্বর্গ’, ‘রাজা বাবু’, ‘খুদগর্জ’, ‘পার্টনার’, ‘হিরো নম্বর ওয়ান’ ও ‘বড়ে মিঞা ছোটে মিঞা’সহ একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। ১৯৮৬ সালে ‘ইলজাম’ সিনেমার মাধ্যমে তাঁর অভিনয়জীবনের সূচনা হয়। নাচ, কৌতুক ও সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গিতে তিনি দর্শকের মন জয় করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে ১৪০টির বেশি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। সূত্র: এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন

×