নিউইয়র্কে বিপার শাস্ত্রীয় নৃত্য উৎসব মাতালেন ইমরান
এস. এম. হাসান ইশতিয়াক ইমরান। ছবি: শিল্পীর সৌজন্যে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ২০:২৯ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ | ২০:৩০
নিউইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টার এবার রূপ নিল শাস্ত্রীয় নৃত্যের বর্ণিল আসরে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) আয়োজিত এ উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের নৃত্যশিল্পী এস. এম. হাসান ইশতিয়াক ইমরান।
তিন ঘণ্টার এই আলোকোজ্জ্বল আয়োজনে ছিল ভরতনাট্যম, কত্থক, মনিপুরীসহ ধ্রুপদী নৃত্যের এক বৈচিত্র্যময় সমাবেশ। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পর্বে নৃত্যশিল্পীদের দক্ষতা মোহিত করলেও, অনুষ্ঠানের সর্বোচ্চ মাত্রার উদ্দীপনা সৃষ্টি করেন ইমরান তাঁর একক কত্থক পরিবেশনায়।
জয়পুর ও লক্ষ্ণৌ ঘরানার সমন্বয়ে তাঁর নৃত্যশৈলী, পায়ের ঝংকার, লয়ের দখল এবং অনন্য ভঙ্গিমা দর্শকদের অভিভূত করে।

শুধু মঞ্চে নৃত্যশৈলী প্রদর্শন নয়, এ বছর বিপার শিক্ষামূলক কার্যক্রমেও ভূমিকা রেখেছেন ইমরান। তিনি পরিচালনা করেন মাসব্যাপী নিবিড় শাস্ত্রীয় নৃত্য কর্মশালা, যেখানে শিক্ষার্থীরা কঠোর অনুশীলনের মধ্য দিয়ে কৌশল, রেপার্টরি, লয়, তালি, অভিব্যক্তি এবং কথকের মূখ্য বৈশিষ্ট্যগুলোতে বিশেষ প্রশিক্ষণ লাভ করে।
শাস্ত্রীয় নৃত্যে অবদানের পাশাপাশি নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রতি নিষ্ঠা ও দায়বদ্ধতার বিশেষ স্বীকৃতিস্বরূপ বিপার পক্ষ থেকে ইমরানকে সম্মাননা প্রদান করা হয়। বিপার সংগীত শিক্ষক সেলিমা আশরাফ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
- বিষয় :
- নৃত্য শিল্পী
- নিউইয়র্ক
