ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কেন দেশ ছাড়ছেন শিল্পীরা, জানালেন মিশা সওদাগর

কেন দেশ ছাড়ছেন শিল্পীরা, জানালেন মিশা সওদাগর
×

মিশা সওদাগর। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ১৪:০৭ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ | ১৪:১১

বিগত দেড় দশকে দেশের নাটক, সিনেমা ও সংগীতসহ শোবিজ তারকাদের অনেকে বিদেশে পাড়ি জমিয়েছেন। কেউ সেখানে এখন স্থায়ীভাবে বসবাস করছেন আবার কেউ দেশে ফিরে সীমিত পরিসরে কাজ করছেন। তবে এই প্রবণতা ক্রমশ বাড়ছে। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।। তার মতে, কাজের সংকটই তারকাদের বিদেশে যাওয়ার সবচেয়ে বড় কারণ।
 
মিশা সওদাগর বলেন, ‌‌‘কাজ না থাকলে শিল্পীদের কী করার আছে? একসময় দিনে চার-পাঁচটা সিনেমার কাজ করেছি। সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত শুটিং চলত। এখন সেই এফডিসি প্রায় বন্ধ। যে শিল্পীরা দেশ ছেড়েছেন, তাদের কি কারো মন চাইছিল? অমিত হাসান, মৌসুমী, ইমন, আলেকজান্ডার বোসহ অনেকেই চলে গেছেন। মাহিয়া মাহিও এখন যুক্তরাষ্ট্রে। কাজ থাকলে তারা কেউই যেত না।’

মিশা সওদাগরের পরিবারও স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। তিনিও বছরের বড় একটা সময় থাকেন সেখানে। নিজের কথাও উল্লেখ করেন এ অভিনেতা।

শিল্পীদের জীবনযাত্রার চাপ নিয়ে মিশা বলেন, ‘শিল্পীদের কাজ থাকুক বা না থাকুক, অনেক কিছুই মেইনটেইন করতে হয়। চেহারা, পোশাক, গাড়ি, মোবাইল, ঘরের পরিবেশ-সব কিছুতেই একটা মান ধরে রাখতে হয়। আমরা কাজ করি পরিবারের জন্য, বেঁচে থাকার তাগিদে। কিন্তু কাজই যদি না থাকে, ইনকাম যদি বন্ধ হয়ে যায়, তখন একজন শিল্পী কী করবে।’

তিনি আরো বলেন, ‘বিদেশে গেলে অন্তত স্থায়ীভাবে কাজ পাওয়া যায়, পরিবার নিয়ে টিকে থাকা যায়। তাই অনেকেই বাধ্য হয়ে দেশ ছাড়ছেন। এটা তাদের দোষ নয়, পরিস্থিতির চাপ।’

মিশা সওদাগরের মতে, স্থানীয় চলচ্চিত্র শিল্পে কাজের পরিমাণ বাড়লেই তারকারা আবার দেশে ফিরে আসবেন।

আরও পড়ুন

×