তারিক আনাম থেকে শুভ ও পরীমণি—খালেদা জিয়ার বিদায়ে শোকাহত শোবিজ
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৪:৫৮
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই খবরে সারাদেশে নেমে আসে শোকের ছায়া। রাজনীতির অঙ্গনের পাশাপাশি শোকাহত হয়ে পড়েছে ঢাকাই বিনোদন জগতও।
বেগম খালেদা জিয়ার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন শোবিজের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় তাঁকে স্মরণ করছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। তাঁদের অনেকেই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
দেশের বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, ফেসবুকে লেখেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাই । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি । শ্রদ্ধা জানাই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি ।
তাঁর পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা । মহান আল্লাহ সকলকে শোক সইবার শক্তি দান করুন ।
সিনেমার পর্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করা অভিনেতা আরিফিন শুভ গভীর শোক প্রকাশ করে লিখেছেন, “দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায়—দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাঁকে উত্তম মর্যাদা দান করুন।”
চিত্রনায়িকা পরীমণি তাঁর ফেসবুক পোস্টে আবেগঘন ভাষায় লেখেন, “তিনি চলে গেলেন..! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া, আপনি জিতে গেলেন আসলে…”
এ ছাড়া অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, আশনা হাবিব ভাবনা, চিত্রনায়িকা পূজা চেরি, অপু বিশ্বাস, শবনম বুবলী, আরশ খান ও রুকাইয়া জাহান চমকসহ আরও অনেকে নিজেদের ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার ছবি প্রকাশ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা সবাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
- বিষয় :
- খালেদা জিয়ার মৃত্যু
- শোবিজ তারকা
