অক্টোবরে শুটিংয়ে ফিরছে ‘অপারেশন সুন্দরবন’ টিম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০০:৫৯ | আপডেট: ১১ আগস্ট ২০২০ | ০১:৩০
সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার অভিযানের গল্প নিয়ে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপনের তৃতীয় সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ এর শুটিং শুরু হয় গত বছরের ডিসেম্বরে। এরপর দুই ধাপে প্রায় ৩২ দিন শুটিং হয় ছবিটির।
গত ১১ মার্চ মোংলার জয়মনি এলাকায় ছবিটির শুটিংয়ের মধ্য দিয়ে খুলনা অঞ্চলের ছবির শুটিং শেষ হওয়ার পর পরিচালক জানিয়েছিলেন ঢাকায় মাত্র চার দিন শুটিং করলেই ছবিটির শুটিং শেষ হবে। এরপর বাকি থাকবে গান। কিন্তু এরপর পৃথিবীতে আক্রমণ করে ক্ষুদ্র অণুজীব করোনা ভাইরাস। যে ভাইরাসের কারনে উলট পালট হয়ে যায় পৃথিবীর সব শিডিউল।‘অপারেশন সুন্দরবন’ ছবিটির শিডিউলও ঠিক থাকেনি তাই। আর শেষ করা হয়নি ছবিটি।
ছবিটির আপডেট জানতে আজ যোগাযোগ করা হয় পরিচালক দীপংকর দীপনের সঙ্গে। সমকাল অনলাইনকে তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে থমকে ছিলো অপারেশন সুন্দর ছবির শুটিং। তবে এখন আবার নতুন করে পরিকল্পণা হচ্ছে। আগামী অক্টোবর থেকে ‘অপারেশন সুন্দরবন’ টিম শুটিংয়ে নামবে।’

ছবিটির গল্পে থাকবে সুন্দর বনের বন্য প্রাণী সংরক্ষণ নিয়েও কিছু অংশ। চলচ্চিত্রটির একটি সূত্রের বরাতে জানা যায়, শুটিংয়ে প্রায় ১০০ জন অভিনয়শিল্পী অংশ নিয়েছেন। এর মধ্যে ৩০ জন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য। প্রায় ১ হাজার ৩০০ জন কাজ করেছেন ছবিটির পেছনে। শুটিংয়ে ব্যবহার করা হয়েছে দুটি বড় জলজাহাজ, সাতটি স্পিডবোট, ছয়টি লঞ্চ, দুটি হেলিকপ্টারসহ আরও অনেক কিছু।‘অপারেশন সুন্দরবন’ ছবিতে অভিনয় করেছেন এলাকাবাসীও।
সিনেমার বিশেষ চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রোশান, রিয়াজ, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, সামিনা বাশার ও দিপু ইমাম।
ছবির পরিচালক দীপংকর দীপন জানায়, ছবিটি প্রযোজনা করছে র্যাব ওয়েলফেয়ার কো–অপারেটিভ সোসাইটি লি.। তাদের সহায়তা ছাড়া এত বড় আয়োজন করে এই ছবি নির্মাণ সম্ভব ছিলো না। শুধু এটিই নয়, র্যাবের ৯০ জনের একটি দল শুটিংয়ে নানা কাজে সাহায্য করেছে। ছবিতে হেলিকপ্টার অপারেশনের শুটিংয়ে ঢাকা থেকে আট সদস্যের একটি দল অংশ নিয়েছিলো।
সুন্দরবন ঘিরে নানা ধরনের মানুষ জীবিকা নির্বাহ করে। নির্মাতা জানান, এটি একক কোনো গল্পের ছবি নয়। সুন্দরবনকেন্দ্রিক বিভিন্ন পেশার মানুষের গল্প এটি। সুন্দরবন, খুলনা ও বাগেরহাট অঞ্চলের জনপদের গল্প এটি।

এই পরিচালক আরও বলেন, ‘সুন্দরবন অঞ্চলের মানুষ ছবিটিতে কাজ করেছে, সহযোগিতা করেছে। তা নাহলে এত শিল্পী ঢাকা থেকে নিয়ে শুটিং করা সম্ভব ছিল না।’
এদিকে একই পরিচালকের ‘ঢাকা ২০৪০’ নামের বিগ বাজেটের একটি সিনেমার শুটিং ৫০ শতাংশ হয়ে বন্ধ হয়ে আছে। এ ছবিটির খবর কি জানতে চাইলে পরিচালক জানান, ঢাকা ২০৪০ ছবিটির ইন্ডোর শুটিং শেষ। এখন কেবল আউটডোর শুটিং বাকি। তাই অপারেশন সুন্দরবন ছবির শুটিং শেষ করেই এটির শুটিং শুরু করা হবে।
- বিষয় :
- অপারেশন সুন্দরবন
- ঢাকা ২০৪০
- বিনোদন