ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ, ১৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ, ১৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
×

ছবি- সমকাল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৭:০০ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ১৭:৩০

নওগাঁ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার সময় চতুর্থ শ্রেণির কক্ষে কোনো শিক্ষক ছিলেন না। এ সময় কয়েকজন শিক্ষার্থী আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গায়। গানের শব্দ শুনে সহকারী শিক্ষক আব্দুস সালাম শ্রেণিকক্ষে ঢুকে বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। এতে শ্রেণিকক্ষে উপস্থিত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন আহত হয়।

ঘটনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যায় বিদ্যালয়সংলগ্ন নারচী মোড়ে বিক্ষোভ করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শামীমা আক্তার বলেন, শিক্ষক আব্দুস সালাম আর্জেন্টিনা দলের সমর্থক। আর্জেন্টিনা হারার পর আমরা কয়েকজন মিলে ব্যঙ্গ করে গান গাইছিলাম। এরপর স্যার এসে আমাদের সবাইকে মারধর করেন। 

আরেক শিক্ষার্থী আব্দুর রহমানের বলেন, আমরা আর্জেন্টিনা স্পেনের কাছে হেরেছে বলে গান গাইছিলাম। এরপর স্যার রেগে গিয়ে আমাদের পিঠে বেধড়ক মারধর করেন।

স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য দায়ী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের মারধর করায় আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। বিষয়টি নিয়ে অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবো।

নওগাঁ জেলা প্রথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ছানাউল হাবিব বলেন, বিষয়টি আমার জানা নেই। আমাদের কাছে লিখতভাবে অভিযোগ দিলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।

আরও পড়ুন

×