ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আন্দোলনে উত্তাল দিল্লি, নিজের অবস্থান স্পষ্ট করলেন অঞ্জন দত্ত

আন্দোলনে উত্তাল দিল্লি, নিজের অবস্থান স্পষ্ট করলেন অঞ্জন দত্ত
×

অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৮:০৭

দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা অঞ্জন দত্ত। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিকে যৌক্তিক উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

এক ভিডিও বার্তায় তিনি শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করে বলেন, শিক্ষার জন্য ন্যায়বিচারের দাবিকে তিনি অভিবাদন জানান।

সম্প্রতি ঘোষণা করা ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’ সেরা বাংলা ছবির স্বীকৃতি পেয়েছে। সেই আনন্দের আবহের মধ্যেই দেশের অন্যতম আলোচিত ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই নির্মাতা।

ভিডিও বার্তায় অঞ্জন দত্ত বলেন, ‘দিল্লিতে যা ঘটছে ও শিক্ষার্থীরা যে দাবির পক্ষে দাঁড়িয়েছে, তা অত্যন্ত যৌক্তিক। আমি গণতন্ত্রে বিশ্বাসী।’

তবে বক্তব্যের শুরুতেই তিনি নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন। অঞ্জন বলেন, ‘আমি কখনোই কোনো রাজনৈতিক দল বা দলীয় রাজনীতিতে বিশ্বাস করিনি। কোনো দলের সদস্যও হইনি। ছাত্রজীবন থেকেই এসব থেকে দূরে থেকেছি। আমার বয়স এখন ৭৩ বছর। জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু কোনো রাজনৈতিক এজেন্ডায় বিশ্বাস করিনি। আমি ব্যক্তির শক্তিতে বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি তাঁকে নীরব থাকতে দেয়নি। তাঁর ভাষায়, ‘আমি নির্বাচিত সরকারের ওপর আস্থা রাখি। সংবিধানে বিশ্বাস করি। কিন্তু যখন দেখি দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী শিক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ন্যায়বিচারের দাবি জানাচ্ছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলছে এবং তা করছে সম্পূর্ণ গণতান্ত্রিক, সাংবিধানিক ও অহিংস উপায়ে, তখন তাদের কুর্নিশ জানাতেই হয়।’

ভিডিওর শেষাংশে আন্দোলনরত শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অঞ্জন দত্ত বলেন, ‘ওরা আমাকে একজন ভারতীয় হিসেবে গর্ব করার সুযোগ করে দিয়েছে। এমন একটি দেশে বাস করতে পেরে আমি গর্বিত, যেখানে শিক্ষার্থীরা শিক্ষার ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে প্রশ্ন তুলতে পারে। আমি তাদের সবাইকে কুর্নিশ জানাই।’

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এর আগে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের আরও কয়েকজন তারকা সমর্থন জানিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন অঞ্জন দত্তও। সূত্র” দ্য ওয়াল

আরও পড়ুন

×