সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব কবিতা দিবস উদযাপন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৮:১৬
সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং রাইটার্স ওয়েব বাংলাদেশের যৌথ উদ্যোগে বিশ্ব কবিতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আজম খান যুবসমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষা পরিবেশেরও প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল হক, স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, রাইটার্স ওয়েব বাংলাদেশের সভাপতি আব্বাস ফারুক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. গৌরাঙ্গ মোহান্তসহ অন্যরা।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও গবেষকদের পাশাপাশি এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়ার প্রায় ১৫টি দেশের কবি, সাহিত্যিক ও গবেষকরা সরাসরি এবং ভার্চুয়ালি অংশ নেন।
এ সময় কবিতা ও প্রবন্ধ বিভাগে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সাহিত্যবিষয়ক আলোচনা এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ের মাধ্যমে কবিতার সার্বজনীন আবেদন ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা তুলে ধরা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- কবিতা উৎসব
- দিবস