ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চুয়েটে জমজমাট যুক্তির লড়াই

চুয়েটে জমজমাট যুক্তির লড়াই
×

দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন

মোঃ ফাহিম রেজা 

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৩:০১

যুক্তির ধার, চিন্তার গভীরতা আর ভাষার সৌন্দর্য এই তিনের অপূর্ব মেলবন্ধনে দুই দিন প্রাণচাঞ্চল্যে মুখর ছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। একেকটি বক্তব্যে যেমন উঠে এসেছে তথ্য ও বিশ্লেষণ, তেমনি পাল্টা যুক্তিতে ফুটে উঠেছে ভিন্নমতকে সম্মান করার সংস্কৃতি। তরুণদের সেই বুদ্ধিবৃত্তিক উৎসবেই সেরার মুকুট উঠেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মাথায়।

চুয়েট ডিবেটিং সোসাইটির (চুয়েটডিএস) আয়োজনে ১০-১১ জুলাই অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব-২০২৬’ এ দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন। বাংলা এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে আয়োজিত এ প্রতিযোগিতার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা, মুক্তচিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরও বিকশিত করা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও ডিবেটার্স অব চট্টগ্রাম ইউনিভার্সিটি। এই সংসদ মনে করে চট্টগ্রাম বন্দর থেকে প্রাপ্ত মুনাফার সিংহভাগ চট্টগ্রামের সমস্যার সমাধানে ব্যয় হওয়া উচিত– এই প্রস্তাবের ওপর অনুষ্ঠিত বিতর্কে সরকারি দলের ভূমিকায় থাকা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল। ফাইনালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মোবারক হোসেন সজীব সেরা বিতার্কিক নির্বাচিত হন। পুরো প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন যৌথভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইকরামুল হোসেন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তন্ময় তাহসিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চুয়েট ডিবেটিং সোসাইটির মডারেটর ও মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা বলেন, ‘বিতর্ক আমাদের একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনতে, ভিন্নমত গ্রহণ করতে এবং যুক্তির মাধ্যমে নিজের মতামত উপস্থাপন করতে শেখায়। যারা আজ জয়ী হতে পারেনি, তারা হতাশ হবে না; বারবার ফিরে এসে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে।’

বাংলাদেশ ডিবেট ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন মুন্না বলেন, ‘চুয়েট ডিবেটিং সোসাইটি দীর্ঘদিন ধরে গৌরবের সঙ্গে পথচলা অব্যাহত রেখেছে। এই প্রতিযোগিতা থেকে অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষা অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার পাশাপাশি এদিন আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫-এর ফাইনালও অনুষ্ঠিত হয়। এই সংসদ লক্ষ্য পূরণের জন্য সর্বোচ্চ ত্যাগকে প্রাধান্য দেবে না– এই প্রস্তাবের বিতর্কে শহীদ মোহাম্মদ শাহ হল চ্যাম্পিয়ন এবং কবি কাজী নজরুল ইসলাম হল রানার্সআপ হয়।

ফাইনালে আব্দুল্লাহ আবির সেরা বিতার্কিক এবং পুরো প্রতিযোগিতায় কৌশিক কাব্য শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে ‘শেকড়–অকশন বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। দুই দিনের এই আয়োজন আবারও প্রমাণ করেছে প্রযুক্তি শিক্ষার পাশাপাশি যুক্তি, মুক্তচিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রেও চুয়েট সমানভাবে উজ্জ্বল। 

আরও পড়ুন

×