ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ইয়ামালের অপ্রত্যাশিত প্রচারে ফুরিয়ে গেল জার্মান ব্র্যান্ডের পণ্য

ইয়ামালের অপ্রত্যাশিত প্রচারে ফুরিয়ে গেল জার্মান ব্র্যান্ডের পণ্য
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৮:১৫

আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতেছে স্পেন। জয়ের রাতে লামিন ইয়ামাল শুধু মাঠের পারফরম্যান্সের জন্যই নন, আলোচনায় এসেছেন আরেকটি ভিন্ন কারণে। ম্যাচ চলাকালে কয়েকবার জার্সি ওপরে তোলার সময় তার পরা জার্মান পোশাক ব্র্যান্ড ‘সিক্স পিএম’-এর বক্সারের লোগো ক্যামেরায় ধরা পড়ে। এরপরই অপ্রত্যাশিতভাবে বেড়ে যায় ওই পণ্যের চাহিদা।

ফাইনাল চলাকালে বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেলে ইয়ামালের অন্তর্বাসের কোমরের অংশে থাকা ‘সিক্স পিএম’-এর লোগো স্পষ্ট দেখা যায়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই জানতে চান, তিনি কোন ব্র্যান্ডের বক্সার পরেছিলেন। এরপরই ভক্তরা ব্র্যান্ডটির ওয়েবসাইট ও অনলাইন স্টোরে ভিড় জমান। কয়েক ঘণ্টার মধ্যেই ‘সিক্স পিএম’-এর ওই বক্সারের সব স্টক শেষ হয়ে যায়।

বিশ্বকাপ ফাইনাল বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় ক্রীড়া ইভেন্টগুলোর একটি। এমন একটি ম্যাচে ইয়ামালের মাধ্যমে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞাপন ছাড়াই ব্র্যান্ডটির লোগো কোটি দর্শকের সামনে চলে আসে। সেটিই বিক্রিতে বড় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে ‘অপ্রত্যাশিত মার্কেটিং’ হিসেবে উল্লেখ করেছেন। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইয়ামালের এই অপ্রত্যাশিত প্রচারে বিস্মিত ব্র্যান্ড কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী তার এই বিশাল জনপ্রিয়তাকে পুঁজি করতে তারা খুব শীঘ্রই ইয়ামালকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করতে পারে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও পড়ুন

×