ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০
×

দুর্ঘটনাকবলিত বাস। ছবি-সমকাল

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৪:৩৪

চুয়াডাঙ্গার সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি সরোজগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে সড়কে থাকা একটি পাখিভ্যানকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুজনের একটি করে হাত বিচ্ছিন্ন হয়েছে এবং একজন দৃষ্টিশক্তি হারিয়েছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

আরও পড়ুন

×