যশোরে ৮ মামলার আসামি জিতুকে কুপিয়ে হত্যা, আটক ১
শরিফুল ইসলাম জিতু
যশোর অফিস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৩:০১ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ১৩:৩৪
যশোরে আট মামলার আসামি শরিফুল ইসলাম জিতু (৩৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। বুধবার রাত ১১টায় শহরের বারান্দীপাড়ার ফুলতলা মোড়ে কুপিয়ে আহত করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় সুমন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত জিতু যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় বরাতে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে বারান্দীপাড়ার ফুলতলা মোড়ে দুর্বৃত্তরা জিতুকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় পাঠানো হয়। তবে ভোরে নড়াইলে মৃত্যু হয়। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মিরাজুল ইসলাম বলেন, জিতুর বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তির স্ত্রীর ওপর ধর্ষণচেষ্টার সময় জিতুকে কুপিয়ে জখম করা হয়েছে—এমন একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
নিহতের বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে যাই। উন্নত চিকিৎসার জন্য জিতুকে ঢাকায় নেওয়া পথে তার মৃত্যু হয়।’
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাজী মাসুম রেজা বলেন, গুরুতর আহত অবস্থায় রাত ১২টার দিকে জিতুকে হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছিল।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
- বিষয় :
- যশোর
- কুপিয়ে হত্যা