ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কাটা ফল দ্রুত কালো হয়ে যায়? যা মেনে চলবেন

কাটা ফল দ্রুত কালো হয়ে যায়? যা মেনে চলবেন
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৩:০০

আপেল, কলা, নাশপাতি কিংবা অ্যাভোকাডোর মতো বেশ কিছু ফল কেটে রাখলে কালো বা বাদামি হয়ে যায়। পরবর্তীতে আর খাওয়ার মতো অবস্থায় থাকে না। তখন অনেকেই ধরে নেন ফল নষ্ট হয়ে গেছে। তাই ফেলে দেন।

চিকিৎসাবিজ্ঞান ও খাদ্য বিশেষজ্ঞদের মতে, রং পরিবর্তন মানেই কিন্তু ফল নষ্ট হয়ে যাওয়া নয়। ফল কাটার পর বাতাসে অক্সিজেনের সংস্পর্শে এলে এতে উপস্থিত এনজাইমের রাসায়নিক বিক্রিয়ার ফলে রং পরিবর্তন হতে শুরু করে। এর সঙ্গে গরম আবহাওয়া ও ভুল উপায়ে তুলে রাখা সমস্যা বাড়িয়ে দেয়। একটু সতর্ক হলে এবং সহজ কিছু কৌশল মানলে কাটা ফল দীর্ঘক্ষণ সতেজ রাখা সম্ভব।

লেবুর রস
কাটা আপেল, কলা বা নাশপাতির টুকরোর ওপর সামান্য লেবুর রস ছিটিয়ে দিন। লেবুতে থাকা ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড ফলের এনজাইমকে বাতাসের সংস্পর্শে এসে রঙ পরিবর্তন করতে বাধা দেয়। তবে খেয়াল রাখবেন, লেবুর রস যেন খুব বেশি না হয়। বেশি হলে ফলের আসল স্বাদ নষ্ট হয়ে যাবে। 

এয়ারটাইট পাত্রের ব্যবহার
কাটা ফল কখনো পাত্রে খোলা রাখবেন না। কাটার পরপরই এয়ারটাইট কৌটোয় ভরে ফেলুন। বাতাসের সংস্পর্শ যত কম হবে, ফল তত কম কালো হবে।

শীতল তাপমাত্রায় সংরক্ষণ
ফল কাটার পর তা বেশিক্ষণ ঘরের সাধারণ তাপমাত্রায় ফেলে রাখা উচিত নয়। সঙ্গে সঙ্গে না খেলে এয়ারটাইট পাত্রে ভরে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা তাপমাত্রা এনজাইমের প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং ফলের সতেজতা ধরে রাখতে সাহায্য করে।

প্রয়োজন অনুযায়ী ফল কাটুন
অনেক আগে থেকে ফল কেটে রাখা এড়িয়ে চলুন। যখন যতটুকু খাওয়ার প্রয়োজন, ঠিক ততটুকুই কাটুন। এতে ফলের পুষ্টিগুণ, স্বাদ এবং স্বাভাবিক রঙ বজায় থাকে। ফল কাটার জন্য সবসময় পরিষ্কার-শুকনো পাত্র, ধারালো ছুরি এবং পরিষ্কার কাটিং বোর্ড ব্যবহার করুন। সূত্র: টিভি৯

আরও পড়ুন

×