রাশিয়ায় বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়াতে চায় ঢাকা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ০১:০৮
রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে রুশ বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে সরকার।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সৌজন্য সাক্ষাতে এসব কথা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশে রাশিয়ার গম ও সার সরবরাহের বিষয়টি উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য আরও সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের সাম্প্রতিক বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের মধ্যে অমীমাংসিত দ্বিপক্ষীয় চুক্তি ও নথিপত্রগুলো দ্রুত চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হয়। এর মধ্যে বৃত্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক বিনিময়ের বিষয়ও ছিল। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণের প্রক্রিয়া সহজ করতে ঢাকায় রাশিয়ার দূতাবাসকে অনুরোধ জানান হুমায়ুন কবির।
জবাবে আলেকজান্ডার খোজিন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় রাশিয়া। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী তারা।
- বিষয় :
- রাশিয়া