ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক আন্দোলন

নিহত নারী শ্রমিক থানায় গিয়ে বললেন আমি মরি নাই

নিহত নারী শ্রমিক থানায় গিয়ে বললেন আমি মরি নাই
×
×

কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার কথা জানান দিলরুবা আক্তার মিলি। ছবি: সমকাল

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ০০:০২ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ | ০০:০৩

নিহতের গুজবে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করার পরের দিন নিহত নারী শ্রমিক দলরুবা আক্তার মিলি (৩৩) নিজেই গাজীপুরের গাছা থানায় গিয়ে পুলিশকে জানালেন, আমি মরি নাই। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে ওই নারী শ্রমিক নিজেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। তাদের সহযোগিতায় থানায় গিয়ে পুলিশকে নারী শ্রমিক বিস্তারিত জানায়।

ওই নারী হলেন, গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকার দুলাল হোসেনের মেয়ে দিলরুবা আক্তার মিলি (৩৩)। তিনি ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের সুইং অপারেটর।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে গাজীপুরের ভোগড়া এলাকায় ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের সামনে প্রায় ২৫০ থেকে ৩০০ শ্রমিক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এর আগে দুপুরে কারখানার সামনে বহিরাগতদের বাধা ও ধাক্কাধাক্কির ঘটনায় আহত হন ওই নারী শ্রমিক। এরপর তাকে নিয়ে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

ওইদিন রাতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার কথা জানান দিলরুবা আক্তার মিলি। এ সময় তিনি দুপুরে তার ওপর হামলার ঘটনার বর্ণনা দেন এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে থানায় উপস্থিত হয়ে দিলরুবা আক্তার মিলি বলেন, মঙ্গলবার মধ্যাহ্ন বিরতির পর অফিসে যাওয়ার পথে কিছু বহিরাগত লোকজন তাকে হামলা করে। হামলার সময় তিনি হামলাকারীদের বলেন, আমি প্রেগন্যান্ট (গর্ভবতী), আমাকে ছেড়ে দেন। তারা আমাকে না ছেড়ে আমার কাছ থেকে অফিসের পরিচয়পত্র নিয়ে যায়। এখন অনেকে গুজব ছড়াচ্ছে আমি মারা গিয়েছি। কিন্তু আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। কেউ গুজবে কান দেবেন না।’

তিনি আরও বলেন, ‘ছোট ছোট পোলাপান আমার ওপর হামলা করছে। তারা আমার গায়ে আঘাত করছে। আমার হাতে ধরে টান দিয়েছে। আমার আইডি কার্ড (পরিচয়পত্র) ছিনিয়ে নিয়েছে। আমি তাদের বারবার বলেছি, আমি প্রেগন্যান্ট, তাও তারা আমাকে ছাড়ে নাই।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুপুরের ওই ঘটনার পর কারখানার এক গর্ভবতী নারী শ্রমিক নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে কারখানার সামনে প্রায় ৩০০ লোক জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ গুজবের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়। পরে দিলরুবা আক্তার মিলি নিজেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় উপস্থিত হয়ে সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার উপ-পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন জানান, ওই নারী তার কারখানার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাত ১০টার দিকে থানায় এসে তিনি জীবিত আছেন এবং সুস্থ আছেন বলে নিশ্চিত করে বাসায় ফিরে যান।

আরও পড়ুন

×