ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ভৈরবে শিয়াল ও কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

ভৈরবে শিয়াল ও কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০
×
×

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ০০:১৯

কিশোরগঞ্জের ভৈরবে শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে শিশুসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকায় শিয়ালের এবং পৌর শহরে কুকুর ও বিড়ালের কামড়ে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। 

শিয়াল ও কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহরিয়ার আহমেদ।

আহতদের মধ্যে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকার আপন মিয়া (২০), সাড়ে ৪ বছর বয়সী রুহান মিয়া, হারুন মিয়া (৭০), মামুন মিয়া (৩০) ও মোবারক হোসেন (৩৮) শিয়ালের কামড়ে আহত হয়েছেন। কুকুরের কামড়ে আহত হয়েছেন পৌর শহরের ভৈরবপুর এলাকার ৪ বছর বয়সী আরাফ মিয়া, ঘোড়াকান্দা এলাকার ৫ বছর বয়সী শিশু আনাস মিয়া, ইয়াছিন মিয়া (১১) ও উপজেলার শ্রীনগর ইউনিয়নের তেয়ারিরচর এলাকার বিজয় মিয়া (১৩)। এছাড়া বিড়ালের কামড়ে আহত হয়েছে ৪ বছর বয়সী শিশু আয়েশা বেগম।

শিয়ালের কামড়ে আহত বাঁশগাড়ি এলাকার আপন মিয়া বলেন, সন্ধ্যায় হঠাৎ আমাদের বাড়িতে একটি পাগলা শিয়াল ঢুকে প্রথমে আমার মাকে আক্রমণ করে। তাৎক্ষণিক আমি বাধা দিতে গেলে আমাকে আক্রমণ করে আহত করে। আমার সাথে থাকা আরও বেশ কয়েকজনকে আহত করেছে। স্থানীয়রা তাড়া করলে শিয়ালটি দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার আহমেদ বলেন, ২৫ নভেম্বর রাতে আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে রুহান মিয়া ও ইয়াছিন নামে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শিয়াল ও কুকুরের কামড়ে আহত হলে অবশ্যই ক্ষতস্থান প্রাথমিকভাবে সাবান ও পানি দিয়ে অন্তত ১৫ থেকে ৩০ মিনিট ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর চিকিৎসকের পরামর্শে ভ্যাকসিন নিতে হবে।

আরও পড়ুন

×