ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাজেক সড়ক অবরোধ প্রত্যাহারের দাবি হেডম্যান-কার্বারিদের

সাজেক সড়ক অবরোধ প্রত্যাহারের দাবি হেডম্যান-কার্বারিদের
×
×

রাঙামাটি অফিস

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ০২:৫৪

পাঁচ দফা দাবিতে দুটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাঙামাটির সাজেক এলাকার কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী বাসিন্দারা। বুধবার সাজেক ইউনিয়নের দাড়িপাড়া এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। তাদের ভাষ্য, এই অবরোধ বাস্তবতাবর্জিত ও জনস্বার্থবিরোধী। এতে সাজেকবাসীর কোনো সমর্থন নেই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাজেক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য উদয় চাকমা। এ সময় উপস্থিত ছিলেন সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, শিয়ালদাই মৌজার হেডম্যান ও ইউপি সদস্য জৌইপুই থাং ত্রিপুরা, ইউপি সদস্য পরিচয় চাকমা, রিপিকা চাকমা, সাবেক ইউপি সদস্য থনা পাংখোয়া এবং মোহন লাল চাকমা প্রমুখ।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, কতিপয় ব্যক্তি প্রসিতপন্থী ইউপিডিএফের মদদ ও প্ররোচনায় নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গণবিরোধী এই অবরোধ চাপিয়ে দিয়েছে। নামে-বেনামে সংগঠন গড়ে জনদুর্ভোগ সৃষ্টি করা তাদের পুরোনো কৌশল; এর আগে ২০২৪-২৫ সালেও দফায় দফায় উদয়পুর বাজার অবরোধ করে জুমচাষিদের বিপাকে ফেলা হয়েছিল।

বক্তারা জানান, সাজেক এলাকার অর্ধশতাধিক গ্রামের হাজার হাজার মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য, জরুরি ওষুধ ও কৃষিপণ্য বেচাকেনার জন্য গঙ্গারাম বাজার (উজোবাজার) ও মাচালং বাজারের ওপর নির্ভরশীল। টানা অবরোধের কারণে ক্রয়-বিক্রয় বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম বিপর্যয়ে পড়েছেন। পাশাপাশি সাধারণ নারী-পুরুষকে জোরপূর্বক পিকেটিং ও বৈঠকে অংশ নিতে বাধ্য করা হচ্ছে এবং কথা না শুনলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে অবরোধ প্রত্যাহার, সড়কে স্বাভাবিক যান চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবরোধের মূল হোতাদের আইনের আওতায় এনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করে সাজেক পর্যটন অবরোধ বাস্তবায়ন গণকমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, ‘কারও মদদ বা প্ররোচনায় নয় বরং সাজেকবাসীর মতামত ও সমর্থনের ভিত্তিতেই এ অবরোধ পালিত হচ্ছে। পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

উল্লেখ্য, জেএসএস (সন্তু লারমা) দলের সশস্ত্র সদস্যদের সাজেক থেকে প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে ‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ ও ‘সাজেক গণরক্ষা অধিকার কমিটি’র ডাকে অবরোধ চলছে। টানা ৩৪ দিন অবরোধের কারণে যানচলাচল বন্ধ রয়েছে। এক মাসের বেশি সময় ধরে অবরোধ চলা এবং পর্যটক প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে সাজেক কার্যত অচল হয়ে পড়েছে।

আরও পড়ুন

×