রান্নাঘরে একটু অসাবধানতা, ঘটতে পারে বড় দুর্ঘটনা
গ্যাসের চুলা
ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ১২:২৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ | ১২:৩০
এখন আমাদের প্রায় প্রতিটি বাসায় গ্যাসের চুলা আছে। কেউ পাইপলাইনের গ্যাস ব্যবহার করি, আবার কেউ এলপিজি সিলিন্ডার ব্যবহার করি। একটু অসাবধানতা থেকে এই গ্যাসের চুলা থেকে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। চলুন জেনে নিই কীভাবে নিজের রান্নাঘর ও পরিবারকে নিরাপদ রাখব।
গ্যাসের চুলা ব্যবহারে প্রতিদিন যা করবেন-
১. রান্না শুরু করার আগে চুলা, গ্যাসের পাইপ ও রেগুলেটর একবার চোখে দেখে নিন ।
২. চুলা জ্বালানোর আগে রান্নাঘরের জানালা খুলে দিন ।
৩. চুলা জ্বালানোর সময় প্রথমে আগুন ধরানোর ব্যবস্থা প্রস্তুত রাখুন , তারপর গ্যাসের নব চালু করুন ।
৪. রান্নার সময় চুলা জ্বালিয়ে রেখে অন্য কাজে ব্যস্ত হবেন না।
৫. দুধ, তরকারি বা পানি যেন উথলে চুলার আগুন নিভিয়ে না দেয়, সেদিকে খেয়াল রাখুন ।
৬. রান্না শেষ হলে চুলার নব বন্ধ করুন ।
৭. রাতে ঘুমানোর আগে এবং বাসা থেকে বের হওয়ার সময় গ্যাসের চুলা ও মূল সরবরাহের ভালভ বন্ধ আছে কি না নিশ্চিত করবো ।
গ্যাসের সিলিন্ডার ব্যবহারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়
১. সিলিন্ডার সবসময় সোজা করে রাখবেন। কখনো শুইয়ে রাখা যাবে না।
২.সিলিন্ডার খোলা, বাতাস চলাচল করে এমন জায়গায় রাখতে হবে।
৩. চুলার একেবারে পাশে বা আগুনের উৎসের কাছে রাখা যাবে না।
৪. সিলিন্ডার রোদ, অতিরিক্ত তাপ ও চুলার উত্তাপ থেকে দূরে রাখতে হবে।
৫.ভালো মানের এবং উপযুক্ত গ্যাস রেগুলেটর ব্যবহার করতে হবে।
৬. গ্যাসের পাইপ ফেটে গেছে, শক্ত হয়ে গেছে বা ঢিলা হয়েছে কি না নিয়মিত চেক করতে হবে।
৭. নিম্নমানের বা মেয়াদোত্তীর্ণ পাইপ ব্যবহার করা যাবে না।
৮. সিলিন্ডার নিজে মেরামত বা পরিবর্তন করার চেষ্টা করবেন না।
একটা কথা মনে রাখবেন, সিলিন্ডার শেষ হওয়ার আগেই গ্যাসের গন্ধ বা লিকেজ আছে কি না খেয়াল করবেন। সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছে কি না দেখার জন্য কখনো আগুন ব্যবহার করবেন না।
এলপিজি সিলিন্ডার লিক করছে কি না কীভাবে বুঝবেন
গ্যাস লিক করলে সাধারণত পচা ডিমের মতো একটি তীব্র গন্ধ পাওয়া যায়। গন্ধ পেলে বিষয়টি অবহেলা করবেন না। গ্যাস লিকেজ পরীক্ষা করার নিরাপদ উপায়
১. রেগুলেটর, পাইপ ও সংযোগস্থলে সাবান-পানির ফেনা লাগিয়ে পরীক্ষা করা যায়।
২. কোথাও বুদবুদ তৈরি হলে বুঝবেন গ্যাস বের হচ্ছে।
৩. কখনো দিয়াশলাই, লাইটার বা অন্য কোনো আগুন দিয়ে পরীক্ষা করবেন না।
নিয়মিত পরীক্ষার পাশাপাশি পাইপ, রেগুলেটর ও সিলিন্ডারের সংযোগ একজন দক্ষ টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করানো ভালো।
হঠাৎ গ্যাসের গন্ধ পেলে কী করবেন?
লাইট বা বৈদ্যুতিক সুইচ অন-অফ করবেন না।
ফ্যান চালু বা বন্ধ করবেন না।
দিয়াশলাই বা লাইটার জ্বালাবেন না।
মোবাইল ফোন ব্যবহার করবেন না।
সিগারেট ধরাবেন না।
যা করবেন
১. নিরাপদে সম্ভব হলে গ্যাসের মূল ভালভ বা সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন।
২. দরজা-জানালা খুলে দিন, তবে বৈদ্যুতিক বা যান্ত্রিক এক্সহস্ট ফ্যান চালাবেন না।
৩. সবাইকে দ্রুত বাইরে নিরাপদ জায়গায় নিয়ে যান।
৪. বাইরে গিয়ে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস অথবা দক্ষ টেকনিশিয়ানের সাহায্য নিন।
৫. গ্যাসের গন্ধ চলে গেলেও পরীক্ষা ছাড়া চুলা পুনরায় ব্যবহার করবেন না।
জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ১০২ এই নম্বরে কল করুন।
রান্নাঘরে আগুন লাগলে কী করবেন?
প্রথমেই মনে রাখবেন, আগুনের ধরন বুঝে ব্যবস্থা নিতে হবে।
পরিস্থিতি ১: রান্নার তেল বা কড়াইয়ে আগুন লেগেছে
এটি খুবই বিপজ্জনক।
• কখনো পানি ঢালবেন না।
• কড়াই বা পাত্র সরানোর চেষ্টা করবেন না।
• নিরাপদে সম্ভব হলে চুলার গ্যাস বন্ধ করুন।
• উপযুক্ত ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে আগুন ঢেকে দিন।
• উপযুক্ত Class K বা Wet Chemical অগ্নিনির্বাপক ব্যবহার করা যায়।
পরিস্থিতি ২: গ্যাসের চুলায় আগুন লেগেছে
যদি গ্যাসের পাইপ বা সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসে আগুন জ্বলতে থাকে:
• নিরাপদে সম্ভব হলে গ্যাস সরবরাহ বন্ধ করুন।
• আগুনের কাছে গিয়ে সিলিন্ডার বা রেগুলেটর ধরতে যাবেন না।
• আগুন জ্বলতে থাকা অবস্থায় গ্যাসের প্রবাহ বন্ধ করা নিরাপদ না হলে আগুন নেভানোর চেষ্টা করবেন না।
• সবাইকে দ্রুত বাইরে নিয়ে যান।
• ফায়ার সার্ভিসকে খবর দিন।
বিশেষ সতর্কতা: গ্যাস সরবরাহ বন্ধ না করে গ্যাসের আগুন নিভিয়ে ফেললে আশপাশে গ্যাস জমে আরও বড় বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে।
পরিস্থিতি ৩: বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন
• পানি ঢালবেন না।
• নিরাপদে সম্ভব হলে মেইন সুইচ বন্ধ করুন।
• উপযুক্ত CO2 অথবা ABC Dry Chemical Powder অগ্নিনির্বাপক ব্যবহার করুন।
• আগুন নিয়ন্ত্রণের বাইরে গেলে দ্রুত বের হয়ে যান।
১. প্রতিটি বাসায় কী কী রাখা উচিত?
আমার মতে, প্রতিটি পরিবারের রান্নাঘর ও বাসার নিরাপত্তার জন্য কয়েকটি জিনিস থাকা জরুরি।
ABC Dry Powder Fire Extinguisher
সাধারণ দাহ্য পদার্থ ও বৈদ্যুতিক আগুনের জন্য
Fire Blanket
রান্নার তেল বা কাপড়ে লাগা ছোট আগুন ঢাকার জন্য
Smoke Detector
আগুন বা ধোঁয়া প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে
LPG Gas Leak Detector
LPG লিকেজ শনাক্ত করতে
First Aid Box
প্রাথমিক চিকিৎসার জন্য
Emergency Torch
বিদ্যুৎ চলে গেলে ব্যবহারের জন্য
Emergency Contact List
জরুরি নম্বর হাতের কাছে রাখার জন্য
বিশেষ পরামর্শ:
বাসায় অন্তত একটি মানসম্মত, উপযুক্ত ক্ষমতার ABC Dry Powder Fire Extinguisher রাখুন। তবে রান্নার তেলের আগুনের জন্য এটি একমাত্র বা সর্বোত্তম সমাধান নয়। রান্নাঘরের জন্য উপযুক্ত Fire Blanket এবং প্রয়োজন অনুযায়ী Wet Chemical Extinguisher রাখার বিষয়টিও বিবেচনা করুন।
অগ্নিনির্বাপক যন্ত্র এমন জায়গায় রাখবেন, যেখান থেকে আগুনের দিকে না গিয়ে সহজে নেওয়া যায়। পরিবারের সবাইকে এর ব্যবহার শিখিয়ে রাখবেন।
১. পরিবারের সবাইকে নিয়ে ছোট্ট একটি Fire Drill করুন
মাসে অন্তত একবার পরিবারের সবাইকে নিয়ে ৫ মিনিটের একটি মহড়া করতে পারেন।
• আগুন লাগলে কে শিশুদের বাইরে নিয়ে যাবে?
• কে বয়স্ক মানুষদের সাহায্য করবে?
• কোন দরজা দিয়ে বের হতে হবে?
• বাসার বাইরে কোথায় সবাই একত্রিত হবে?
• ফায়ার সার্ভিসে কে ফোন করবে?
শিশুদের কখনো আগুন নেভানোর দায়িত্ব দেবেন না।
সবাইকে শেখাবেন, আগুন লাগলে লুকিয়ে না থেকে দ্রুত নিরাপদ জায়গায় চলে যেতে হবে।
কয়েকটি কথা মনে রাখবেন
গ্যাসের চুলা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় একটি জিনিস। কিন্তু এর সামান্য অসাবধানতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
তাই কয়েকটি কথা মনে রাখুন
• রান্না শেষে গ্যাস বন্ধ করুন।
• গ্যাসের গন্ধ পেলে অবহেলা করবেন না।
• গ্যাস লিকেজের সময় কোনো বৈদ্যুতিক সুইচ স্পর্শ করবেন না।
• তেলের আগুনে কখনো পানি দেবেন না।
• বাসায় অগ্নিনির্বাপক সরঞ্জাম রাখুন।
• পরিবারের সবাইকে আগুন লাগলে কী করতে হবে তা শেখান।
মনে রাখবেন, আগুন নেভানোর চেয়ে আগুন প্রতিরোধ করা অনেক সহজ এবং নিরাপদ।
একটু সচেতনতা, একটু সতর্কতা—বাঁচাতে পারে আপনার মূল্যবান জীবন, পরিবার ও সম্পদ।
লেখক: মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
- বিষয় :
- গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ