‘গণ্ডগোল করলেই পেটাব’: মুম্বাইয়ে বিক্ষোভের আগে হুমকি
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের প্রধান রাজ ঠাকরে। ছবি: সংগৃহীত
হিন্দুস্থান টাইমস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৪:১৭
শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে ভারতের মুম্বাইয়ে আগামী রোববার যৌথ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) ও শিবসেনা (ইউবিটি)। সেই মিছিলে কেউ গণ্ডগোল বা বাধা দেওয়ার চেষ্টা করলে কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছেন এমএনএস প্রধান রাজ ঠাকরে।
বৃহস্পতিবার এমএনএস প্রধান বলেন, রোববারের শান্তিপূর্ণ বিক্ষোভে যে গণ্ডগোলের চেষ্টা করবে, তাকেই পেটানো হবে। সংবাদ সম্মেলনে রাজ ঠাকরে বলেন, কেন্দ্রীয় সরকার ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে নিষ্ঠুরভাবে দমন-পীড়ন চালাচ্ছে। বিজেপি যখন বিরোধী দলে ছিল তখন তারাও বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ করতো এবং মন্ত্রীদের পদত্যাগের দাবি জানাত।
গত কয়েকদিন ধরে দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনের সমর্থনে মুম্বাইয়ে বিক্ষোভ দেখা গেছে। সেখান থেকেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি উঠেছে। রাজ ঠাকরের পাশাপাশি তাঁর ভাই উদ্ধব ঠাকরের শিবসেনাও (ইউবিটি) অভিজিত দীপকের সিজেপির প্রতি সমর্থন জানিয়েছে।
সম্প্রতি দিল্লি সফরের সময় উদ্ভব ঠাকরে বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঠাকরে ভাইদের পাশাপাশি এনসিপির শরদ পাওয়ারের মতো আরও বেশ কয়েকজন নেতা এই বিক্ষোভকে সমর্থন দিচ্ছেন।
- বিষয় :
- আন্দোলন
- বিক্ষোভ মিছিল
- মুম্বাই
- হুমকি
- মহারাষ্ট্র
- ভারত