ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ভারত

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম নারী সহসভাপতি নাশরা

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম নারী সহসভাপতি নাশরা
×
×

নাশরা নাঈম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ২৩:১৫ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ | ২৩:২১

ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে ছয়টি পদে জয় পেয়েছেন নারী প্রার্থীরা। এর মধ্যে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাশরা নাঈম। বিশ্ববিদ্যালয়টির ১০৫ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী, যিনি ছাত্র সংসদের সহসভাপতি হলেন। শুক্রবার নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

ফলাফল অনুযায়ী, সহসভাপতি পদে নাশরা নাঈম পেয়েছেন ৭ হাজার ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট। এ ছাড়া ছাত্র সংসদের ১০টি ক্যাবিনেট সদস্য পদের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছেন নারী প্রার্থীরা। ১৩টি পদের মধ্যে ছয়টিতে নারীদের এই জয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে তাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছে।

নির্বাচনে সভাপতি পদে ৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান।

এএমইউ ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেনস কলেজ স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান ফল ঘোষণা করেন।

টানা আট বছর বিরতির পর এবারের নির্বাচন অনুষ্ঠিত হলো। গত তিন বছর ধরে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পর নির্বাচন আয়োজন করা হয়। এ কারণে এবারের নির্বাচনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষক জানান, চলমান জেন-জি আন্দোলনের প্রভাবও এবারের নির্বাচনে পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আগের নির্বাচনগুলোতে ক্যাম্পাসকেন্দ্রিক বিষয় প্রচারের মূল জায়গা দখল করলেও এবার জাতীয় বিভিন্ন ইস্যু, বিশেষ করে মুসলিমদের সংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় এসেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি এটিকে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্যের জয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ছাত্র সংসদে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও প্রতিনিধিত্বকে স্বাগত জানিয়ে নারী ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনী প্রচারণার সময় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

×