ঢাকাসহ তিন জেলায় যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১২
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ২২:৫০
রাজধানীর বাড্ডার প্রগতি সরণি এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন যুবলীগ। শুক্রবার দুপুর ২টার দিকে মিছিলটি বের করা হয়। স্লোগান দিতে দিতে কিছুটা সামনে গিয়ে এটি শেষ হয়। এদিকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায়ও গতকাল মিছিল করে সংগঠনটি। এর মধ্যে সিলেটে মিছিলের পর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন সমকালকে বলেন, দুপুরে একটি ঝটিকা মিছিল করেছে যুবলীগ। পুলিশ পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।
মিছিলের একটি ভিডিওতে দেখা যায়, প্রগতি সরণি এলাকার ইউ-লুপের নিচ থেকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ব্যানারে একটি মিছিল বের হয়। ব্যানারে লেখা ছিল– ‘দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন’। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতাদের ছবি ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুর পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরেও নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে দলটি।
সিলেট-ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের মিছিল
সিলেট ব্যুরো জানায়, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে নগরীর জেল রোড থেকে ধোপাদীঘি এলাকা পর্যন্ত ‘সিলেট মহানগর যুবলীগ’-এর ব্যানারে মিছিল বের করা হয়। অর্ধশতাধিক ব্যক্তির অংশগ্রহণে এই মিছিলে নিষিদ্ধ সংগঠন যুবলীগ, আওয়ামী লীগ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
ছুটির দিন হওয়ায় সকালে সড়কগুলো মূলত ফাঁকাই ছিল। এই সুযোগে মিছিলকারীরা দ্রুত সংক্ষিপ্ত শোডাউন শেষ করে সটকে পড়ার চেষ্টা করেন। তবে ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে।
মহানগর পুলিশের পক্ষ থেকে দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, আটকদের কাছ থেকে একটি বড় ব্যানার, পাঁচটি ফেস্টুন এবং ১৫টি লাল ক্যাপ জব্দ করা হয়েছে।
আটকরা হলেন– মো. শাহেক আহমেদ, মোহাম্মদ সেলিম আহমেদ, মুন্না আহমেদ, দেলোয়ার হোসেন, তানিম ইকবাল, সালেহ আহমেদ, কিবরিয়া আহমেদ, আলী আহমদ, এন এম নাদিম, ফাহিম হাসান রবি, জাকের খান এবং জুনায়েদ আহমেদ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এডিসি মিডিয়া মো. আফজাল হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে যুবলীগ। গতকাল সকালে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের মালিহাতায় এই মিছিল করে তারা। সকাল সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্ত তাঁর ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতায় জেলা যুবলীগের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল বের করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জেলা যুবলীগের ব্যানার নিয়ে মহাসড়কে মিছিল করছেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। একই সঙ্গে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
মিছিলের ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনের উদ্যোগকে স্বাগত জানানো হয়। পাশাপাশি যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও উল্লেখ করা হয়।
ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর উপজেলা যুবলীগ নেতা রেজাউল হক এবং জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী আশিকুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।