ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বিচার বিভাগের প্রতি মানুষের হারানো আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে: আইনমন্ত্রী

বিচার বিভাগের প্রতি মানুষের হারানো আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে: আইনমন্ত্রী
×
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ০৩:৪৩

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষ ন্যায়বিচার পায় এবং বিচার বিভাগের প্রতি আস্থা ও বিশ্বাস ফিরে পায়। নবীন আইনজীবীদের মেধা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমেই বিচারাঙ্গনের মর্যাদা সুপ্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল শুক্রবার ঢাকা আইনজীবী সমিতির নবীন সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার কোনো শর্টকাট পথ নেই। মেধা, প্রজ্ঞা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই একজন আইনজীবীকে নিজের অবস্থান তৈরি করতে হবে।

তিনি বলেন, একজন বিপদগ্রস্ত মানুষ আল্লাহর পর আইনজীবীর কাছেই আস্থা ও ভরসা নিয়ে আসেন। তাই মক্কেলের বিশ্বাসের মর্যাদা রক্ষা করা আইনজীবীর নৈতিক দায়িত্ব। আদালতে যাওয়ার আগে পর্যাপ্ত প্রস্তুতি ও আইনের গভীর জ্ঞান অর্জন করতে হবে। একই সঙ্গে বিচারকদেরও আইনের ঊর্ধ্বে মনে করার সুযোগ নেই। কোনো বিচারকের কর্মকাণ্ডে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হলে তাঁকেও আইনের আওতায় জবাবদিহি করতে হবে।

আইন পেশায় নবীনদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, আইনজীবী হিসেবে সনদ পাওয়ার পরপরই অনেকে পেশাগত জীবনে প্রবেশ করলেও পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ পান না। অনেক ক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে কাজ করেও তাঁরা যথাযথ সহযোগিতা ও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হন।

বর্তমান সরকারের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার সুশাসন প্রতিষ্ঠা এবং সব হত্যাকাণ্ড, অন্যায় ও অবিচারের বিচার করতে বদ্ধপরিকর। বিগত ১৬ বছরের বেশি সময়ের আন্দোলনে সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধাকে হারানো, সাত শতাধিক মানুষের গুম এবং ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করার বিষয় উল্লেখ করে তিনি বলেন, এসব অন্যায়-অবিচারের বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি নবীন আইনজীবীদের আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার ও জনগণের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিচার বিভাগকে স্বাধীন, শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমে দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার কথা বলেন।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, জ্যেষ্ঠ আইনজীবী এবং নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×