ওরে শামুক ওরে তোতা
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ০৭:৪৬
| প্রিন্ট সংস্করণ
শামুক আর তোতাপাখি। তাদের দেখলেই তোমাদের অনেকের খুব আদর করতে ইচ্ছে করে, জানি। চলো, আজ শামুক আর তোতাপাখি সম্পর্কে অদ্ভুতুড়ে কিছু কথা শুনি–
জগতে শামুক সাধারণত তিন ধরনের হয়। এক ধরনের শামুক থাকে স্থলভাগে; মানে মাটির ওপরে। আরেক দলে আছে সমুদ্রজীবী। অন্যদলটি থাকে স্বচ্ছ পানিতে।
কিছু কিছু শামুকের থাকে ফুলকা, আবার কিছু শামুকের থাকে ফুসফুস। বিজ্ঞানীরা বলেন, সামুদ্রিক শামুকের সাধারণত ফুসফুস থাকে। স্থলভাগের শামুকের থাকে ফুলকা। বুঝলে তো, কী দিয়ে ওরা শ্বাস নেয়?
বেশির ভাগ প্রজাতির শামুকেরই রয়েছে রাবারের মতো জিহ্বা। ওদের দাঁত থাকে কোথায়, জানো? কোথায় আবার, জিহ্বায়! তা-ও আবার সংখ্যায় হাজার হাজার দাঁত; অবশ্য খুবই পুঁচকে ওগুলো।
শামুকের প্রিয় খাবার কী, জানো? দাঁড়াও, বলছি। বেশির ভাগ শামুকই লতাপাতা, শাক-সবজি আর ফলমূল খেতে ভালোবাসে। তবে সামুদ্রিক ইয়া বড় বড় শামুক কিন্তু মাংসাশীও হয়! স্থলভাগের সবচেয়ে বড় আকারের শামুক পাওয়া যায় আফ্রিকায়। ওরা আকারে পনেরো ইঞ্চি এবং ওজনে এক কেজির মতো হয়ে থাকে। সামুদ্রিক শামুকদের মধ্যে সবচেয়ে বড় আকারের প্রজাতিটির নাম ‘সিরিক্স’। ওরা আকারে ৩৫ ইঞ্চির মতো হয়। ওজন? আঠারো কেজি পর্যন্ত!
বাগানে তোমরা যারা শামুকের হাঁটাচলা দেখেছো, তারা তো বুঝেই গেছো, ওরা খুব অলস ধরনের! এক ঘণ্টা জোরে হাঁটলেও যেতে পারে সর্বোচ্চ ৪৫ মিটার বা ৫০ গজের মতো! এ জন্যই কেউ খুব ধীরে হাঁটলে মানুষ বলে, ‘শামুকের মতো হেঁটো না; জোরে হাঁটো!’
পাঁচ থেকে পঁচিশ বছর পর্যন্ত আয়ু পেয়ে থাকে একেকটি শামুক।
তোতাপাখি দুনিয়ায় কতো রকমের আছে তা জানো? বলে দিচ্ছি, ৩৫০টিরও বেশি।
একেক রকমের তোতাপাখি দেখতে একেক রকমের হয়। তবে বেশির ভাগই দেখতে অনেক সুন্দর। ফলে তোতাপাখি দেখলেই তোমাদের আদর করতে ইচ্ছে করে; তাই না?
সবচেয়ে মোটাসোটা প্রজাতির তোতাপাখির ওজন চার কেজির মতো হতে পারে। সবচেয়ে পুঁচকেদের ওজন দশ গ্রামের মতো!
বেশির ভাগ তোতাপাখিরই পছন্দের খাদ্য তালিকায় রয়েছে ফুলকলি, ফলমূল, পোকা-মাকড় ও শস্য বীজ।
কথা বলতে পারা তোতাপাখিগুলোর মধ্যে সবই কিন্তু সমান বুদ্ধিমান নয়। তবে কিছু কিছু তোতাপাখির বুদ্ধির দৌড় চার-পাঁচ বছর বয়সী শিশুর মতোই।
গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি শব্দ জানা এক তোতাপাখি প্রায় ১৭০০টি শব্দ মুখস্থ করে ফেলেছিল!
- বিষয় :
- গল্প