কারাগারে তিন আ.লীগ নেতা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
ঢাকা থেকে গ্রেপ্তার গোপালগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার মতিঝিল থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতেই তাদের গোপালগঞ্জে আনা হয়।
তারা হলেন– গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)।
গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তিনজনের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকার মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ ডিবির বিশেষ দল মতিঝিল থানার সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
- বিষয় :
- কারাগার