দুবলার চরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
ছবি: সমকাল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ০৫:৩৯
সুন্দরবনের দুবলার চরের আলোরকোল শুঁটকি পল্লিসংলগ্ন সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সাগরের প্রবল ঢেউ ও স্রোতের টানে তিনি তলিয়ে যান। তবে নিখোঁজ ওই পর্যটকের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় জেলে, কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও রাত পৌনে ১০টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। সাগরে প্রচণ্ড ঢেউ ও অন্ধকার নেমে আসায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
কোস্ট গার্ড ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে ‘ইকোট্যুরিজম’ নামের একটি পর্যটকবাহী লঞ্চ ২০ জন পর্যটক নিয়ে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও নীলকমল এলাকা ঘুরে আলোরকোলে পৌঁছায়। পরে লঞ্চ থেকে ট্রলারে করে পর্যটকদের আলোরকোল চরে নেওয়া হয়। সেখানে তিনজন পর্যটক সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। তারা সাগরের ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে প্রবল ঢেউ ও স্রোতের টানে তাদের একজন পানিতে তলিয়ে যান। মুহূর্তের মধ্যে তিনি সাগরে হারিয়ে যান।
ঘটনাটি দেখতে পেয়ে আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা দ্রুত ট্রলার নিয়ে সাগরে তল্লাশি শুরু করেন। পরে খবর পেয়ে কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। স্থানীয় জেলেদের পাশাপাশি কোস্ট গার্ড সদস্যরা বিভিন্ন স্থানে তল্লাশি চালান। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি।
আলোরকোল শুঁটকি পল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী ও সাধারণ সম্পাদক মো. জাকির শেখ মুঠোফোনে জানান, নীলকমলের দিক থেকে পর্যটকবাহী একটি লঞ্চ এসে আলোরকোলের কাছাকাছি সাগরে নোঙর করে। পরে পর্যটকেরা ট্রলারে করে চরে নামেন। তাদের মধ্যে তিনজন সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাঁতার কাটছিলেন। ঢেউয়ের তালে উচ্ছ্বাস প্রকাশের একপর্যায়ে একজন সাগরে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে শুঁটকি পল্লির জেলেরা দ্রুত ট্রলার নিয়ে তল্লাশি শুরু করেন। তবে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ডের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে সাগরে প্রচণ্ড ঢেউ এবং অন্ধকার নেমে আসায় উদ্ধার কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে।
সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হাছানুর রহমান জানান, শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে দুটি পর্যটকবাহী লঞ্চ পূর্ব সুন্দরবনের দুবলার চরে যায়। ওই দুটি লঞ্চে মোট ৩০ জন পর্যটক ছিলেন। তাদের মধ্যে একজন পর্যটক সাগরে তলিয়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন। তবে নিখোঁজ ব্যক্তি কোন লঞ্চের যাত্রী, তা নিশ্চিত হওয়া যায়নি। কোস্ট গার্ড ও বন বিভাগ যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে বন বিভাগের দুবলা জেলে পল্লীর ইনচার্জ ফরেস্ট রেঞ্জার খলিলুর রহমান রাত সাড়ে ৯টায় জানান, নিখোঁজের ঘটনার পর পর্যটকদের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানানো হয় এবং উদ্ধার অভিযানে সহযোগিতা চাওয়া হয়। পরে কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরা উদ্ধার অভিযানে নামেন। তবে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। তার নাম-পরিচয়ও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
- বিষয় :
- পর্যটক