দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে যা বললেন সালমান
সালমান খান। ছবি: মিড ডে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৪:৫১ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ১৫:২৫
ভারতের রাজধানী দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি প্রশ্নপত্র ফাঁসকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা না করার আহ্বান জানিয়েছেন।
সালমান খান লিখেছেন, ‘এটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ একটি আন্দোলন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, শেষ পর্যন্ত এটি সহিংস রূপ নিয়েছে। যেসব শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা আহত হয়েছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়। আমাদের দেশের তরুণেরা উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে একজোট হয়েছে এবং তাঁদের অভিভাবকেরাও পাশে দাঁড়িয়েছেন, এটি দেখে আমি আনন্দিত।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়তে এবং উন্নত ভারত গঠনের যে আগ্রহ দেখিয়েছে, তা প্রশংসার যোগ্য। তাঁর ভাষায়, ‘আন্দোলন বা প্রতিবাদ গণতান্ত্রিক অধিকারের অংশ। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই তাদের দাবি জানিয়েছে। শিক্ষা নিয়ে উৎসাহী এই প্রজন্ম একদিন ভারতের মুখ উজ্জ্বল করবে।’
পোস্টের শেষাংশে সালমান খান আন্দোলনের রাজনৈতিক ব্যাখ্যার বিরোধিতা করে বলেন, ‘এটি শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার বিষয়। একে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। এই কৃতিত্ব দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য। আমার বিশ্বাস, সরকারও তাঁদের পাশে থাকবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যারা শিক্ষিত হতে চায়, ঈশ্বর তাদের সবার মঙ্গল করুন।’
সম্প্রতি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবি এবং সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। সংসদ অভিমুখে পদযাত্রার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তবে ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।
এই আন্দোলন নিয়ে এর আগে চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন তারকা মত প্রকাশ করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সালমান খান। সূত্র: হিন্দুস্থান টাইমস
- বিষয় :
- সালমান খান
- দিল্লি
- ককরোচ জনতা পার্টি
- আন্দোলন
- ভারত