পুরোনো জুটিতে ‘গোলাম মামুন-২’, নির্মাণ করবেন অংশু
সাবিলা নূর, অপূর্ব ও তানিম রহমান অংশু। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:০৯ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৩৯
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। এরই মধ্যে সিরিজটির নির্মাতা নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ‘গোলাম মামুন-২’-এর পরিচালনার দায়িত্ব নিচ্ছেন নির্মাতা তানিম রহমান অংশু। এর আগে প্রথম কিস্তিটি নির্মাণ করেছিলেন শিহাব শাহীন। তবে অভিনয়শিল্পীর কোনো পরিবর্তন আসছে না। জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূরকে নিয়ে তৈরি হবে সিরিজটি।
গত বছরের শেষ দিকে শিহাব শাহীন নিজেই জানিয়েছিলেন, ‘গোলাম মামুন-২’-এর চিত্রনাট্যের কাজ এগোচ্ছে এবং শিগগিরই দৃশ্যধারণ শুরু হওয়ার কথা। সে ঘোষণার পর থেকেই অনুরাগীরা নতুন মৌসুমের অপেক্ষায় ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন ওঠে, দ্বিতীয় কিস্তিটি শিহাব শাহীন নয়, পরিচালনা করতে যাচ্ছেন তানিম রহমান অংশু।
এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান হইচই। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত তারা কোনো মন্তব্য করবে না। একই অবস্থানে রয়েছেন তানিম রহমান অংশুও। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশের আগ পর্যন্ত এ বিষয়ে কথা বলতে চান না।
অন্যদিকে শিহাব শাহীন জানিয়েছেন, সময় সংকটের কারণেই তিনি এই প্রজেক্টে যুক্ত থাকতে পারছেন না। তার ভাষ্য অনুযায়ী, রোজার ঈদের আগেই সিরিজটির কাজ শুরু হওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু একসঙ্গে একাধিক, প্রায় আট থেকে দশটি প্রজেক্টে ব্যস্ত থাকায় তিনি সময় দিতে পারেননি।
উল্লেখ্য, ২০২৪ সালে হইচইয়ে মুক্তি পায় ‘গোলাম মামুন’। এটি ছিল তানিম রহমান অংশু নির্মিত ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের একটি স্পিন-অফ। প্রথম কিস্তিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অপূর্ব। তার সঙ্গে ছিলেন সাবিলা নূর। পাশাপাশি অভিনয় করেন ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা ও রাশেদ মামুন অপু। এবার দ্বিতীয় কিস্তিতে কী নতুন চমক থাকছে, সেদিকেই তাকিয়ে দর্শক।
- বিষয় :
- সাবিলা নূর
- জিয়াউল ফারুক অপূর্ব
