ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালে ফুটবল উন্মাদনায় মুখর জবি

বিশ্বকাপ ফাইনালে ফুটবল উন্মাদনায় মুখর জবি
×

ছবি-সমকাল

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ০২:৫২

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। গভীর রাতেও শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শান্তচত্বর ও মুক্তমঞ্চে স্থাপিত দুটি জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগ করেন। বাঁশির শব্দ, প্রিয় দলের স্লোগান, করতালি আর উল্লাসে পুরো ক্যাম্পাস যেন পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে।

রোববার দিবাগত রাত ১টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচ দেখতে খেলা শুরুর অনেক আগ থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পুরান ঢাকার বিভিন্ন মেস, বিশ্ববিদ্যালয়ের হল এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিজ নিজ সমর্থিত দলের জার্সি, পতাকা ও মুখে রঙ মেখে ক্যাম্পাসে আসেন তারা। খেলার প্রতিটি আক্রমণ, গোলের সুযোগ কিংবা নাটকীয় মুহূর্তে করতালি, চিৎকার ও স্লোগানে সরব হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে দুটি জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে এবং শিক্ষার্থীদের আইডি কার্ড সঙ্গে রাখার নির্দেশনা দেয়। পুরো আয়োজনজুড়ে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করেন।

খেলা দেখতে আসা লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অষ্টমী চ্যাটার্জি বলেন, বন্ধুদের সঙ্গে শান্তিনগর থেকে ক্যাম্পাসে এসেছি। বহিরাগতদের প্রবেশ সীমিত থাকায় নিরাপদ পরিবেশে খেলা দেখতে পারছি। বড় পর্দায় এত মানুষের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল দেখার অনুভূতিটাই আলাদা। আমি স্পেনকে সমর্থন করি, আশা করি আজ শিরোপা স্পেনই জিতবে।

আর্জেন্টিনার সমর্থক, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ বলেন, বিশ্বকাপ ফাইনাল মানেই অন্যরকম আবেগ। তাই বাসায় না দেখে ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে খেলা দেখতে এসেছি। আর্জেন্টিনার খেলা সবসময়ই উপভোগ করি। আশা করছি মেসির দলই ট্রফি ঘরে তুলবে, আর জয় উদযাপন করব সবাই মিলে।

আরও পড়ুন

×