বিশ্বজুড়ে দ্য ওডিসির বাজিমাত
ম্যাট ডেমন ও জেনডায়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ২০:৫৭
হলিউডের প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। প্রথম উইকএন্ডে বা মুক্তির প্রথম তিন দিনে বিশ্বব্যাপী মহাকাব্যিক ফ্যান্টাসি ঘরানার এই সিনেমাটি ২৬৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি টাকা।
২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটিই নোলানের ক্যারিয়ারে সবচেয়ে বড় বৈশ্বিক ওপেনিং।
বক্স অফিসের পরিসংখ্যান অনুযায়ী, সিনেমাটি উত্তর আমেরিকার বাজারে ১২৪.৫ মিলিয়ন ডলার এবং অন্যান্য আন্তর্জাতিক বাজার থেকে ১৩৯.৬ মিলিয়ন ডলার আয় করেছে।
বিশ্ববাজারের পাশাপাশি ভারত এবং বাংলাদেশের বক্স অফিসেও দুর্দান্তগতিতে এগিয়ে যাচ্ছে ‘দ্য ওডিসি’।
ভারতীয় বক্স অফিসে মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটি ৭০ কোটি রুপির বেশি (গ্রস) আয় করেছে, যা দেশটিতে নোলানের যে কোনো সিনেমার জন্য সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড। ভারতে প্রথম উইকএন্ড শেষে সিনেমাটির মোট নেট আয় ৬১.৩০ কোটি রুপি এবং গ্রস আয় ৭৩.১৯ কোটি রুপি, যার বড় অংশই (৪৮.৫ কোটি রুপি) এসেছে মূল ইংরেজি সংস্করণ থেকে।
সিনেমায় ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। এতে আরও অভিনয় করেছেন টম হল্যান্ড, জেনডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, লুপিতা নিয়ং’ও, জন বার্নথাল, বেনি সাফদি এবং আরও অনেক তারকা অভিনয়শিল্পী।
নোলানের ছবিতে বড় তারকারা কখনোই শুধু নামমাত্র উপস্থিত থাকেন না; প্রত্যেক চরিত্রই গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ফলে এই এত এত অভিনয়শিল্পী দলকে ঘিরেও দর্শকদের কৌতূহল তুঙ্গে। সূত্র: রেডিট