‘কনজুরিং’ থেকে ‘বেবি গার্ল’, এ সপ্তাহে ওটিটিতে আরও যা থাকছে
মালয়ালম থ্রিলার ‘বেবি গার্ল’ সিনেমার একটি দৃশ্য
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৫০
চলতি সপ্তাহে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নানান ভাষা ও ঘরানার আলোচিত কিছু সিনেমা ও সিরিজ। হরর, থ্রিলার, সাই-ফাই থেকে শুরু করে ক্রাইম ড্রামা–দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যময় আয়োজন।
জিওহটস্টার
১৩ ফেব্রুয়ারি জিওহটস্টারে মুক্তি পেয়েছে ইংরেজি হরর সিনেমা দ্য কনজুরিং: লাস্ট রাইটস। ভেরা ফারমিগা প্যাট্রিক উইলসন ও বেন হার্ডি অভিনীত এই ছবি জনপ্রিয় ‘কনজুরিং’ ফ্র্যাঞ্চাইজির শেষ পর্ব। ১৯৮০-এর দশকের পেনসিলভেনিয়ার এক বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত গল্পে ভূত বিশেষজ্ঞ এড ও ওয়ারেনকে দেখা যায় একটি অভিশপ্ত আয়নাকে ঘিরে জটিল রহস্যের তদন্তে। একই প্ল্যাটফর্মে ১২ ফেব্রুয়ারি এসেছে ইংরেজি সিনেমা প্রিডেটার: ব্যাডল্যান্ডস। এলি ফ্যানিং অভিনীত এই কিস্তিতে নির্বাসিত তরুণ প্রিডেটর ডেক হারানো সম্মান ফিরে পেতে প্রতিকূল এক গ্রহে ভয়ংকর শিকারের মুখোমুখি হয়।
নেটফ্লিক্স
১১ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে পাঞ্জাবি সিরিজ কোহরা-এর দ্বিতীয় সিজন। বরুণ সাবতি ও র্যাচেল শেলি অভিনীত নতুন কাহিনিতে এসিআই অমরপাল দালেরপুরায় বদলি হয়ে এক নারীর নির্মম হত্যাকাণ্ডের তদন্তে নামে। তদন্ত যত এগোয়, ততই উন্মোচিত হয় চাঞ্চল্যকর সব তথ্য।
সনি লিভ
১২ ফেব্রুয়ারি সনি লিভে এসেছে মালয়ালম থ্রিলার ‘বেবি গার্ল’। নিভিন পাওলি অভিনীত ছবিতে এক হাসপাতাল অ্যাটেনডেন্ট বড়দিনের আগের রাতে নিখোঁজ এক নবজাতক কন্যাশিশুর ঘটনায় সন্দেহভাজন হয়ে পড়ে এবং নিজেকে নির্দোষ প্রমাণে জড়িয়ে যায় রহস্যময় অনুসন্ধানে।
অ্যাপল টিভি প্লাস
১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ইংরেজি ফ্যান্টাসি ড্রামা এটারনিটি। এলিজাবেথ অলসেন ও মাইলস টেলার অভিনীত এই ছবিতে মৃত্যুর পর এক দম্পতির সামনে উঠে আসে চিরকালের জন্য কোথায় ও কার সঙ্গে থাকার সিদ্ধান্ত নেওয়ার অনন্য এক প্রশ্ন।
চরকি
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ১০ ফেব্রুয়ারি ওয়েব ফিল্ম ‘টিফিন বক্স’ মুক্তি পেয়েছে। শহরের কোলাহলের ভিড়ে একা হয়ে পড়া মানুষের জীবনে ভালোবাসা ও যত্ন হয়ে ধরা দেয় এই চলচ্চিত্রটিতে। এর পরিচালনা করেছেন নির্মাতা রাকায়েত রাব্বি। ফাল্গুন ও ভালোবাসা দিবসের চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক ও প্রান্তর দস্তিদার।
- বিষয় :
- ওটিটি প্লাটফর্ম
- সিনেমা
- সিরিজ
